খেলাধুলা আলাদা, রাজনীতি আলাদা”—ভারতের সমালোচনায় এবি ডি ভিলিয়ার্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মাঠে তাদের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করছেন সবাই। তবে ফাইনালের পর এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় ভারতীয় দলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। এবার সেই বিতর্কে সরব হলেন সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স সরাসরি ভারতীয় দলের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, “ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। ভারতীয় দল যিনি ট্রফি দিচ্ছিলেন, তাকে নিয়ে খুশি ছিল না। কিন্তু খেলাধুলার আসল জায়গা হলো আনন্দ এবং উদ্‌যাপন। রাজনীতি আলাদা, খেলা আলাদা।”

তিনি আরও যোগ করেন, ফাইনালের পর ট্রফি বিতরণী অনুষ্ঠান ছিল বেশ বিব্রতকর। “এমন পরিস্থিতি খেলোয়াড়দের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করিনি। আশা করি ভবিষ্যতে বিষয়টা মিটে যাবে।”

ভারত-পাকিস্তান সম্পর্কের রাজনৈতিক টানাপড়েনও এই ঘটনায় প্রতিফলিত হয়েছে বলে মনে করেন অনেকে। অপারেশন সিঁদুরের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে, যার ছাপ পড়েছে এশিয়া কাপেও—করমর্দন বিতর্ক থেকে শুরু করে ফাইনালে ট্রফি বর্জনের ঘটনায়।

তবে বিতর্কের বাইরে ভারতের খেলা নিয়ে ভিলিয়ার্সের প্রশংসা থেমে থাকেনি। তিনি বলেন, “ভারত অসাধারণ ফর্মে আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব দূরে নয়। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। বড় ম্যাচে তারা কীভাবে পারফর্ম করতে হয়, সেটা ভালোভাবেই জানে। তাদের এই দাপুটে খেলা সত্যিই উপভোগ্য।”

শিরোপা জয়ের পর এখন সূর্যকুমার যাদবের দলের সামনে নতুন চ্যালেঞ্জ। মাসের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। লক্ষ্য থাকবে একই ফর্ম ধরে রাখা এবং আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের আরও শক্তভাবে প্রস্তুত করা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »