নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশে টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। ২০২৩ সালের এপ্রিলের পর নভেম্বরেই শুরু হচ্ছে দুই দেশের নতুন লড়াই। টেস্ট ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাট মিলিয়ে মোট পাঁচ ম্যাচের এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আইরিশ দল, আর ৮ নভেম্বর থেকে শুরু করবে অনুশীলন। এরপরই মাঠে গড়াবে সিরিজের মূল প্রতিযোগিতা। প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর থেকে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথমবার পূর্ণাঙ্গ দুই টেস্টের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই সিরিজ ঘিরে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলা বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার যদি চোটমুক্ত থাকেন, তবে মিরপুর টেস্টেই গড়তে পারেন ঐতিহাসিক কীর্তি—দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার।

টেস্ট সংখ্যার দিক থেকে মুশফিকের পর আছেন মুমিনুল হক (৭৩), সাকিব আল হাসান (৭১) ও তামিম ইকবাল (৭০)। এদের মধ্যে তামিম ও সাকিব অবসরে গেলেও, মুমিনুলের সামনে আছে মুশফিকের মাইলফলকের পথে হাঁটার সুযোগ।

টেস্ট সিরিজ শেষে টি-টোয়েন্টি ফরম্যাটেও মুখোমুখি হবে দুই দল। ২৭, ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর—এই তিন দিন সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

এ সফরকে সামনে রেখে বিসিবি ও ক্রিকেটপ্রেমীরা যেমন অপেক্ষায়, তেমনি ক্রিকেটবিশ্বের চোখ থাকবে মুশফিকুর রহিমের শততম টেস্টের সম্ভাবনার দিকেও। এই সিরিজ শুধু দুই দেশের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও হতে যাচ্ছে এক অনন্য অধ্যায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »