নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নারীদের ওয়ানডে বিশ্বকাপ আজ শুরু হচ্ছে এক নতুন রূপে। এবারের আসরে প্রাইজমানির অঙ্ক বাড়িয়ে দিয়েছে আইসিসি। সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ভাগ হয়ে যাবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ১৬৮ কোটি।
প্রাইজমানির কাঠামো এমনভাবে সাজানো হয়েছে, যেখানে ম্যাচ না জিতলেও প্রতিটি দলই পাবে বড় অঙ্কের অর্থ। শুধুমাত্র অংশগ্রহণ ফি হিসেবেই বাংলাদেশ দল পাচ্ছে ২ লাখ ৫০ হাজার ডলার—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা।
এর বাইরে জয় আসলে যোগ হবে অতিরিক্ত অর্থ। গ্রুপপর্বে প্রতিটি জয়ের পুরস্কার ৩৪ হাজার ৩১৪ ডলার, অর্থাৎ প্রায় ৪১ লাখ ৬১ হাজার টাকা। সেমিফাইনালে উঠতে পারলে দলগুলো পাবে ১১ লাখ ২০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৮ লাখ। রানার্সআপ দলের পুরস্কার ধরা হয়েছে ২২ লাখ ২৪ হাজার ডলার (প্রায় ২৭ কোটি টাকা), আর চ্যাম্পিয়ন দল নিয়ে যাবে সর্বোচ্চ ৪৪ লাখ ৮০ হাজার ডলার—বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।
২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবার প্রাইজমানি বেড়েছে প্রায় তিন গুণ। গতবারের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৪৪ লাখে। রানার্সআপের পুরস্কারও বেড়েছে প্রায় তিনগুণ।
এবারের আসরে খেলছে মোট আটটি দল। স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ইতোমধ্যেই কয়েকটি জয়ের স্বপ্ন দেখছে। তবে জয় না এলেও বিশ্বকাপ থেকে কোটি টাকার পুরস্কার নিয়েই দেশে ফিরতে পারবে তারা।
