এশিয়া কাপ ব্যর্থতার পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরেই থেমে গেছে বাংলাদেশের যাত্রা। ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করায় হতাশা ঘিরে ধরেছে দলকে। সেই আক্ষেপের সুরে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বাংলাদেশ টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিটন লেখেন, “২০২৫ এশিয়া কাপে আমরা দল হিসেবে সর্বোচ্চ চেষ্টা করেছি। লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা জেতা। কিন্তু দুঃখজনকভাবে তা সম্ভব হয়নি। বাংলাদেশের প্রতিটি সমর্থকের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

চোট ছিল দলের বড় ধাক্কা। ইনজুরির কারণে সুপার ফোরের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। সেই সময়ে দায়িত্ব পালন করেন জাকের আলি, তবে ব্যাটিং, কিপিং ও নেতৃত্বে লিটনের শূন্যতা স্পষ্ট ছিল। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে লিটন বলেন, “শেষ দুই ম্যাচে মাঠে থাকতে না পারা আমার জন্য হৃদয়বিদারক অভিজ্ঞতা। এই একই কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজেও খেলতে পারব না। সর্বোচ্চ চেষ্টা করেছি সুস্থ হওয়ার, কিন্তু পারিনি। এই বেদনা দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে।”

তবে হতাশার মাঝেও আশার আলো দেখছেন জাতীয় দলের এই উইকেটকিপার–ব্যাটার। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, “টুর্নামেন্টজুড়ে আপনাদের অশেষ সমর্থনের জন্য ধন্যবাদ। বিশ্বের সেরা সমর্থকরা আমাদের। আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশার প্রতিদান খুব শিগগিরই দিতে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »