ক্রিকেট থেকে ভারতকে বহিষ্কারের দাবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের মাঠের লড়াই শেষ হলেও মাঠের বাইরের রেশ যেন থামছেই না। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ট্রফি না নেওয়ার ঘটনায় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশিদ লতিফ সরাসরি দাবি তুলেছেন—ভারতকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা হোক।

টুর্নামেন্টের আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির হাত থেকে তারা শিরোপা নেবে না। দুবাইয়ে ফাইনালের পর সত্যিই তাই ঘটেছে। পুরস্কার বিতরণী মঞ্চে মহসিন নাকভির উপস্থিতিতে সূর্যকুমার যাদবের দল ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। শেষ পর্যন্ত শিরোপা ছাড়াই মাঠ ছাড়ে ভারতীয় দল।

ভারতের এই আচরণে ক্ষোভ প্রকাশ করে রশিদ লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—“এশিয়া কাপ ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় ভারতীয় দলকে বহিষ্কার করা উচিত। অন্য কোনো খেলায় এমনটা ঘটলে কঠোর শাস্তি হতো। কিন্তু সমস্যা হচ্ছে, আইসিসির চেয়ারম্যান থেকে শুরু করে অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে ভারতীয় প্রভাব রয়েছে। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এশিয়া কাপের এই দিন ক্রিকেট ইতিহাসের জন্য কুৎসিত একটি অধ্যায় হয়ে থাকবে।”

তবে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক তুলেছেন ভিন্ন সুর। তার মতে, ভারতীয় খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপ ছিল শিরোপা জয়ের। তাই এমন সিদ্ধান্ত নিলেও ভবিষ্যতে তারা এ নিয়ে অনুশোচনা করবে। মালিক বলেন, “ভারতের ক্রিকেটাররা হয়তো এখন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। কিন্তু কয়েক বছর পর ভাববে, এত কষ্ট করে শিরোপা জিতলাম অথচ ট্রফি হাতে পেলাম না—এটাই বড় আক্ষেপ হয়ে থাকবে।”

এশিয়া কাপ শেষ হলেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আগুন মাঠের বাইরেই যেন আরও প্রজ্বলিত হচ্ছে। ট্রফি না নেওয়ার মতো অভূতপূর্ব ঘটনায় বিতর্ক যে এখানেই থেমে যাচ্ছে না, সেটা পরিষ্কার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »