সাকিবের অবৈধ সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পেলেন দুদকের সাজ্জাদ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে নতুন করে ওঠা অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। তিনিই বর্তমানে শেয়ারবাজার কেলেঙ্কারির মামলায় সাকিবের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছেন।

এর আগে এই অনুসন্ধান তদারক করছিলেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তবে গত ৪ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাকিবের ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগটিও সাজ্জাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলে সেগুলো একই অনুসন্ধানের আওতায় আনা কমিশনের নিয়মিত প্রক্রিয়ার অংশ। তাই এই মামলা কমিশনের প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত–২ শাখা এবং ঢাকা সমন্বিত জেলা কার্যালয়–১ এ চলমান মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে এমপি নির্বাচিত হন সাকিব। কিন্তু চলতি বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কানাডায় অবস্থান করছেন, আর দেশে আর ফেরেননি। একই সময়ে তার বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা হয়। এর পর শেয়ারবাজার কারসাজি, জুয়ার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালান, কাঁকড়া ব্যবসায় প্রতারণা, নির্বাচনী হলফনামায় সম্পদ গোপনসহ নানা অভিযোগে দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।

গত ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে করা মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে ২৫৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার আসামিদের মধ্যে আছেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, সাকিবের মা শিরিন আক্তারসহ আরও অনেকে।

অভিযোগের ভার আরও বাড়ে যখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সাকিবকে শেয়ার কারসাজির দায়ে ৫০ লাখ টাকা জরিমানা করে। পরবর্তীতে ৮ নভেম্বর তার ব্যাংক হিসাব জব্দের ঘোষণা দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগে ১৬ জুন আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।

বিস্ময়কর ব্যাপার হচ্ছে, একসময় পুঁজিবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন সাকিব আল হাসান। সেই বাজারেই কারসাজির অভিযোগে এখন আসামির আসনে বসতে হয়েছে দেশসেরা এই অলরাউন্ডারকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »