৪৬ বলের সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন ব্রেন্ডান টেইলর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৩৯ বছর বয়সে ব্রেন্ডান টেইলর আবারো আন্তর্জাতিক ক্রিকেটের রেকর্ড বইয়ে নাম লিখিয়ে দিলেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার বতসোয়ানার বিপক্ষে ৪৬ বল খেলে সেঞ্চুরি করে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিকেটের নতুন ইতিহাস রচনা করলেন।

তিন নম্বরে নেমে দ্বিতীয় বলে চার মেরে শুরু করেন টেইলর। এরপর মুহূর্তে আগ্রাসী হয়ে ওঠেন এবং ৫৪ বলে ১২৩ রান সংগ্রহ করে দলকে বিরাট সুবিধা দেন। হারারে স্পোর্টস ক্লাবে তার এই ইনিংসটি গড়ে ১৬ চার ও ৫ ছক্কা।

৩৯ বছর ২৩৪ দিন বয়সে এই সেঞ্চুরি করে টেইলর এখন টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে বয়সে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা ব্যাটসম্যান। দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে, চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর টেইলর তার প্রাক্তন স্বদেশি সিকান্দার রাজার রেকর্ডও ভেঙে দিয়েছেন। রাজা গত বছর গাম্বিয়ার বিপক্ষে ৩৮ বছর ১৮২ দিনে অপরাজিত ১৩৩ রান করেছিলেন। জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে এই দুই ব্যাটসম্যান ছাড়া আর কেউ সেঞ্চুরি করতে পারেননি।

বিশ্বের সব দেশ মিলিয়ে এই সংস্করণে টেইলরের চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করেছেন কেবল জিব্রাল্টারের আভিনাশ পাই, যিনি ২০২১ সালে ৩৯ বছর ২৭২ দিন বয়সে বুলগেরিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

টেইলরের অভিজ্ঞ ইনিংসের সঙ্গে দলের অন্য ব্যাটসম্যানরাও অবদান রাখেন। ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রায়ান বেনেট। দুই ব্যাটসম্যানের পারফরম্যান্সের ফলে ২০ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করে ২৫৯ রান। জবাবে বতসোয়ানা ৮ উইকেটে ৮৯ রান করতে পারে, ফলে জিম্বাবুয়ের জয় হয় ১৭০ রানে – টি-টোয়েন্টি সংস্করণে তাদের রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ জয়।

এই ইনিংসটি শুধু রেকর্ডের দিক থেকে নয়, দলের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে টেইলরের। অভিজ্ঞতার সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে তিনি আবারো প্রমাণ করলেন বয়স কেবল সংখ্যা, ক্রিকেটে তা বাধা নয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »