এশিয়া কাপের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছেন সূর্যকুমার যাদব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচশেষে ট্রফি না নেওয়ায় আলোচনা-সমালোচনায় সরব ছিলো ক্রিকেট মহল। বিতর্কিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে ভারতের ক্রিকেটাররা শিরোপা ছাড়াই মাঠ ছাড়লেও, এর মাঝেই মহৎ উদ্যোগে নজর কাড়লেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

ম্যাচশেষ সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানান, এবারের আসরে পাওয়া নিজের সব ম্যাচ ফি তিনি দান করবেন ভারতীয় আর্মিকে। অধিনায়কের ভাষায়, “আমি আমার সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় আর্মিকে দিচ্ছি।”

ফাইনালের পর প্রায় এক ঘণ্টা অপেক্ষা শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ব্যক্তিগত পুরস্কার বিতরণ শেষে পাকিস্তানের খেলোয়াড়রা মেডেল নিলেও, ভারতীয় দল সম্মিলিতভাবে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে না চাওয়ায় দলটি সরাসরি মাঠ ছেড়ে চলে যায়।

যদিও ভারতীয় দলের ট্রফি না নেওয়া ঘিরে বিতর্ক চলছে, তবুও সূর্যকুমারের মানবিক ঘোষণা ইতিমধ্যেই ভক্ত ও বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। শিরোপা জয়, পুরস্কার বিতরণী বিতর্ক, আর সঙ্গে সূর্যকুমারের মহৎ উদ্যোগ—সব মিলিয়ে ফাইনাল ঘিরে উত্তাপ এখনো কমেনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »