অভিষেক শর্মার হাতে এশিয়া কাপ সেরার মুকুট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে আলো ছড়ালেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। টুর্নামেন্টজুড়ে ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে হয়ে গেলেন টুর্নামেন্টসেরা। ৭ ইনিংসে ৩১৪ রান, গড় ৪৪.৫০—যেখানে তিনটি অর্ধশতক রয়েছে তার ঝুলিতে। ব্যাট হাতে এমন পরিসংখ্যানই শেষ পর্যন্ত তাকে এনে দিল আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

২৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটারের নামের মতোই যেন তার ব্যাটিং ছিল এক নতুন সূচনা। রোহিত শর্মা কিংবা লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিংয়ের প্রথম ভরসা হয়ে উঠেছিলেন অভিষেক। শুভমান গিলের সঙ্গে মিলে ইনিংসের গোড়াপত্তনে এনে দিয়েছেন স্থিতি আর আত্মবিশ্বাস। পুরো আসরে ব্যাট হাতে দায়িত্বশীলতার ছাপ রেখে গেছেন তিনি।

গ্রুপ পর্বে নিয়মিত রান পেলেও বড় ইনিংস খেলতে পারেননি অভিষেক। প্রথম ম্যাচে করেছিলেন ৩০ রান, এরপর দুটি ইনিংসে করেন যথাক্রমে ৩১ ও ৩৮। তবে সুপার ফোরে যেন অন্য রূপে হাজির হন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৭৫ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি। বড় ম্যাচে দলের জন্য অবদান রাখার মানসিকতাই তাকে এনে দিয়েছে বিশেষ স্বীকৃতি।

তবে ফাইনালে নিজেকে আর মেলে ধরতে পারেননি অভিষেক। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের হয়ে শুরুটা করলেও ব্যক্তিগত ৫ রান করে ফিরতে হয় তাকে। সেদিন দলের নায়ক হয়ে ওঠেন তিলক ভার্মা। ফাইনালে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তাই ফাইনালের সেরা হয়েছেন তিলক, কিন্তু পুরো টুর্নামেন্টে স্থিতিশীলতা ও ধারাবাহিকতায় অভিষেক শর্মার নামই উঠে এসেছে সবচেয়ে ওপরে।

এই জয়ের মাধ্যমে নবমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেয় ভারত। এর মধ্যে সাতবার ওয়ানডে সংস্করণে, আর এবার দ্বিতীয়বার টি-টোয়েন্টি সংস্করণে সেরা হলো তারা। অভিষেক শর্মার ঝলক নিঃসন্দেহে এই শিরোপাজয়ের অন্যতম প্রেরণা হয়ে থাকবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »