বিসিবি নির্বাচনে পরিচালক পদের জন্য মনোনয়ন নিলেন ৬০ জন প্রার্থী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীতে পরিচালক পদের মনোনয়নপত্র বিতরণ করে নির্বাচন কমিশন। একদিনে তিনটি ক্যাটাগরি থেকে মোট ৬০ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে।

তিন ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ক্লাব সংগঠকদের ক্যাটাগরি-২-এ, যেখানে ৩২ জন প্রার্থী ফর্ম তুলেছেন। ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন আর ক্যাটাগরি-৩ থেকে ফর্ম সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী।

বিভাগভিত্তিক হিসাবে ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগ থেকে ৩, চট্টগ্রাম বিভাগ থেকে ৫, রাজশাহী থেকে ৪, সিলেট থেকে ৩, রংপুর থেকে ৬ এবং বরিশাল বিভাগ থেকে ১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। ক্যাটাগরি-৩ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান ফর্ম নিয়েছেন। খুলনা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন আব্দুর রাজ্জাক, যিনি ক্যাটাগরি-১ থেকে মনোনয়ন নিয়েছেন।

এই নির্বাচনে ক্রিকেটারদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ক্লাব ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন কিনেছেন। ঢাকার ঐতিহ্যবাহী ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তিনি কাউন্সিলর হয়েছেন। সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট রাজশাহী বিভাগ থেকে ফর্ম সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন সাবেক বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

এদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নতুন মেয়াদে লড়াই করার জন্য মনোনয়ন নিয়েছেন। ঢাকা বিভাগ থেকে মনোনয়ন নিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও জামালপুর জেলার রেদোয়ান ফুয়াদ। রাজশাহী থেকে মুখলেসুর রহমান শামীম ও মোহাম্মদ হাসিবুল আলম এবং চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল ও মীর হেলাল মনোনয়ন সংগ্রহ করেছেন।

প্রকাশিত তফসিল অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। এরপর ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। ওই দিনই বেলা ২টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ৬ অক্টোবর রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একই দিন সন্ধ্যা ৬টায় প্রকাশ হবে ফলাফল, আর রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

বলা যায়, বিসিবি নির্বাচনে এবার আগ্রহী প্রার্থীর সংখ্যা রেকর্ড ছুঁই ছুঁই। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান পরিচালক, অভিজ্ঞ সংগঠক—সবাই এখন ব্যস্ত ভোটের মাঠে সমর্থন আদায়ে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »