নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর আবারও আলোচনায়, তবে এবার মঞ্চে নয়, ক্রিকেট বোর্ডের নির্বাচনের অঙ্গনে। দীর্ঘদিনের কণ্ঠযোদ্ধা এবার দাঁড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদের নির্বাচনে।
আসিফ আকবর নামের সঙ্গে দেশবাসী প্রথমেই গানকেই মিলিয়ে নেয়। তবে নব্বইয়ের দশকে তিনি ছিলেন মাঠের মানুষ—ক্রিকেটার আসিফ। ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। কুমিল্লা জিলা স্কুল ও ভিক্টোরিয়া কলেজের হয়ে নেতৃত্ব দিয়েছেন স্কুল ও আন্তঃকলেজ ক্রিকেটে। সেই শেকড় থেকেই ক্রিকেট এখনো টেনে রাখে তাকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে কনসার্ট ব্যস্ততায় থাকা এই শিল্পী জানান, কুমিল্লার ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনা তার প্রধান লক্ষ্য। তার ভাষায়,
“কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগ নেই—এটা মেনে নেওয়া যায় না। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলাতেই কুমিল্লার ঐতিহ্য ছিল। বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে এখানকার মাঠগুলোতে ক্রিকেট ফেরানো। কারণ মাঠমুখী না হওয়ায়ই তরুণদের মাঝে মাদক আর কিশোর গ্যাংয়ের মতো সমস্যার জন্ম দিয়েছে।”
আসিফ শুধু কুমিল্লায় সীমাবদ্ধ থাকতে চান না। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলার ক্রিকেট উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
যদিও প্রথমদিকে কাউন্সিলর হওয়ার কোনো আগ্রহ ছিল না তার, সাবেক ও বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধেই তিনি নির্বাচন ময়দানে নামছেন। আসিফ বলেন,
“ক্রিকেটারদের প্রতি আমার আলাদা আবেগ আছে। খেলেছি, খেলাটাকে ভালোবাসি। তাই দায়িত্বটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
৬ অক্টোবরের নির্বাচনে যুক্তরাষ্ট্র থেকে ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন এই সংগীতশিল্পী। টানা ১৪টি কনসার্টে অংশ নিলেও বিসিবি নির্বাচনের জন্য সমর্থন আদায়ে কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন তিনি।
সঙ্গীত জগতের ‘পপ সম্রাট’ এবার কতটা সাড়া ফেলতে পারেন ক্রিকেট প্রশাসনে—সেটাই এখন দেখার বিষয়।
