নেপালের ঐতিহাসিক জয় শহীদদের উৎসর্গ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল নেপাল। শারজাহতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানের জয়ে লিখে ফেলল নিজেদের ক্রিকেট ইতিহাসে সোনালি অধ্যায়। তবে এই জয় কেবল মাঠের অর্জন নয়, আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণে ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন অধিনায়ক রোহিত পাউড়েল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রান তোলে নেপাল। এরপর নিয়ন্ত্রিত বোলিং আর নিখুঁত ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দেয় ১২৯ রানে। প্রতিপক্ষ কোনো সময়ই ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারেনি। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান করার পর বল হাতেও উইকেট নেন রোহিত, হয়ে যান ম্যাচসেরা।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে নেপাল অধিনায়ক বলেন, “এই পুরস্কার আমি উৎসর্গ করছি জেন-জি আন্দোলনে প্রাণ হারানো শহীদদের। আমাদের সময়টা সহজ যাচ্ছে না। যদি এই জয় দেশের মানুষকে সামান্য আনন্দও দিতে পারে, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া।”

ওপেনার কুশল ভুর্তেলও শোনান ভিন্ন অনুভূতি— “আমরা সবসময় ‘কার্ডিয়াক কিডস’ নামে পরিচিত ছিলাম। আজ আমরা প্রমাণ করেছি, সেই তকমা বদলাতে পারি। দেশে কঠিন সময় চলছে, আর এই জয় আমরা দেশবাসীর মুখে হাসি ফোটাতে উৎসর্গ করছি।”

যদিও ওয়েস্ট ইন্ডিজ দলটি পূর্ণ শক্তির ছিল না, নিয়মিত অধিনায়ক শেই হোপসহ কয়েকজন খেলোয়াড় ছিলেন টেস্ট দলের সঙ্গে। তারপরও নেপালের এই জয়কে অবমূল্যায়নের সুযোগ নেই। কারণ ক্রিকেটীয় সাফল্যের পাশাপাশি এটি এক আবেগঘন বার্তাও বয়ে এনেছে— ক্রিকেট মাঠ থেকেও দেশকে শক্তি ও প্রেরণা দেওয়া সম্ভব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »