হার্শার চোখে ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি মুস্তাফিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই লড়াইয়ের আগে ভারতের জন্য বাড়তি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ইতোমধ্যেই টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি। ভারতের অভিজ্ঞ ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে মনে করছেন, মুস্তাফিজ যদি ছন্দে থাকেন, তবে তিনি হতে পারেন ভারতের জন্য ‘গেম চেঞ্জার’।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুস্তাফিজের ইকোনমি রেট এখন মাত্র ৭, গড় ১৫। তার ধারাবাহিক পারফরম্যান্সই বাংলাদেশকে দিয়েছে বড় স্বস্তি। হার্শা ভোগলে বলেন, “বাংলাদেশের আমার প্লেয়ার টু ওয়াচ আউট হল মুস্তাফিজ। ও আবার ভালো বল করতে শুরু করেছে। যদি ও ছন্দে থাকে, ভারতের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।”

তবে শুধু মুস্তাফিজ নয়, তরুণ পেসার তানজিম হাসান সাকিবকেও নজরে রেখেছেন হার্শা। যদিও বাংলাদেশ দলে তার জায়গা অনিশ্চিত। ভোগলের মতে, “তানজিম ভালো বোলার। বাংলাদেশ তাকে খেলাচ্ছে না কারণ তারা আবার তাসকিনের কাছে ফিরে গেছে। শরিফুলও খেলছে, যে খানিকটা সুইং পায়।”

ব্যাটিং লাইনআপ নিয়েও দিয়েছেন নিজের বিশ্লেষণ। শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসানের ইনিংস ভরসা জুগিয়েছে তাকে। ওপেনিংয়ে তাই তানজিদ হাসানের সঙ্গে সাইফকেই দেখতে চান তিনি। চার নম্বরে আস্থা রেখেছেন তাওহীদ হৃদয়ের ওপর। ভোগলে বলেন, “হৃদয় মিডল অর্ডারে খুব গুরুত্বপূর্ণ। বড় ম্যাচে যদি সে তার প্রতিভাকে কাজে লাগাতে পারে, বাংলাদেশ অনেক দূর যেতে পারবে।”

বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে নামবে, চোখ থাকবে মুস্তাফিজের কাটার-সুইং এবং হৃদয়ের ব্যাটে। হার্শার মতে, এই দুজনই হতে পারেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার নায়ক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »