৬ বছর পর আবার সিএবির সভাপতির আসনে সৌরভ গাঙ্গুলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ছয় বছরের বিরতির পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়ে ২০১৯ সালের পর দ্বিতীয় দফায় এই দায়িত্ব গ্রহণ করলেন তিনি।

সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন গাঙ্গুলি। দীর্ঘদিন ধরেই তাঁর ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় পাঁচ বছর সিএবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সভাপতির দায়িত্বও সামলান। আবারও সিএবির শীর্ষপদে ফেরায় আনন্দিত গাঙ্গুলি জানালেন, বাংলার ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও সঠিক দিকনির্দেশনা দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।

দায়িত্ব গ্রহণের পর গাঙ্গুলি বলেন, ‘এর আগেও আমি পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও আমরা সেরাটাই করার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের উন্মাদনা বিরাট। বাংলায়ও প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাগুলোকে গড়ে তোলাই আমাদের কাজ হবে।’

আগামী ১৪ নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। দায়িত্ব নেওয়ার পরপরই গাঙ্গুলিকে এই ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুত হতে হবে। স্টেডিয়ামের অবকাঠামো ও খেলার পরিবেশ নিয়ে আত্মবিশ্বাসী তিনি। গাঙ্গুলির ভাষায়, ‘আশা করি দারুণ একটি টেস্ট হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন। কলকাতায় দর্শক-উইকেট সবকিছুই প্রস্তুত থাকবে। এখনো দুই মাস বাকি, তবে নিশ্চিতভাবে ম্যাচটা জমজমাট হবে।’

ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক হিসেবে গাঙ্গুলির নতুন মেয়াদকে ঘিরে সিএবি পরিবারে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »