নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে সহজ জয়ের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিলেন—ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা চলে না। তার মতে, সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, দুই দলের শক্তির ফারাক এখন অনেক।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে সূর্যকুমার বলেন, “প্রতিদ্বন্দ্বিতা তখনই বলা যায়, যখন দু’দল সমানতালে লড়াই করে। যদি ১৫-২০ ম্যাচ খেলে ফল হয় ৭-৭ বা ৮-৭, তখন প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু যখন ফলাফল দাঁড়ায় ১৩-০ বা ১০-১, তখন এটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা ঠিক নয়। আমরা কেবল ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”
ভারতের এই জয় পাকিস্তানের বিপক্ষে টানা সপ্তম। সবশেষ ২০২২ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এরপর থেকে পরিসংখ্যান ভারতীয়দের পক্ষেই কথা বলছে।
ম্যাচের প্রসঙ্গ টেনে সূর্যকুমার বলেন, প্রথম ১০ ওভারে পাকিস্তান ভালো শুরু করলেও ড্রিঙ্কস বিরতির পর ম্যাচ ঘুরে যায়। ওই সময় বোলাররা শরীরী ভাষা বদলে ফেলে, লাইন-লেংথ নিয়ন্ত্রণে আনে, বাড়ায় এনার্জি। বিশেষ করে শিবম দুবের বোলিং ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার পুরো চার ওভার বোলিং করে দুবে ৩৩ রানে নেন ২ উইকেট। তার শিকার হয়ে ফেরেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান, ভেঙে যায় পাকিস্তানের বড় জুটির আশা। বুমরাহ ব্যর্থ হলেও দুবের স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
অধিনায়কের চোখে দুবের সাফল্য আসেনি হঠাৎ করে। সূর্যকুমার বলেন, “ও অনুশীলনে সবসময় বোলিং নিয়ে বাড়তি পরিশ্রম করে। অন্তত দুই ওভার বোল করতে চাইত। আজ পুরো চার ওভার পেয়েছে এবং নিখুঁতভাবে পরিকল্পনা কার্যকর করেছে। দল যখন দরকার পড়ে, ও তখনই অবদান রাখতে প্রস্তুত।”
ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা এবার নতুন আলোচনার জন্ম দিয়েছে সূর্যকুমারের এই মন্তব্যে। এক সময়ের ক্রিকেটের বড় দ্বৈরথকে ‘অতীত’ বলায় হয়তো নতুন বিতর্কও জন্ম নেবে ক্রিকেট মহলে।
