নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছালেও পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অবস্থা ভালো নয়। ভারতের বিপক্ষে বড় হারের পর দলটির অধিনায়ক সালমান আঘা এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক তারকা পেসার শোয়েব আখতার তো সরাসরি তাকে দলে সবচেয়ে দুর্বল খেলোয়াড় হিসেবে আখ্যা দিলেন।
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাদ দেওয়ার পর নতুন নেতৃত্বে দায়িত্ব পান সালমান আঘা। তবে অধিনায়ক হওয়ার পর এখনো নিজের সামর্থ্য প্রমাণ করতে পারেননি তিনি। ভারত ম্যাচে ব্যর্থতার পর শোয়েব আখতার খোলাখুলি প্রশ্ন তুলেছেন আঘার যোগ্যতা নিয়েই।
এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, “অধিনায়ক হিসেবে তাকে দেখে মনে হয় না, সে জানে আসলে কী করছে। তার পারফরম্যান্সও সন্তোষজনক নয়। যে জায়গায় সে ব্যাট করছে, সেটা কি তার প্রাপ্য? দলকে কী দিচ্ছে সে? এই প্রশ্নের উত্তর নেই।”
তিনি আরও বলেন, “ছয় নম্বরে নেমে সে আসলে কী অবদান রাখছে? তিলক বর্মা বা হার্দিক পান্ডিয়ার সঙ্গে তুলনা করলে পার্থক্য স্পষ্ট বোঝা যায়। হয়তো সে ভালো ছেলে, কেউ কেউ তাকে ভালো অধিনায়কও ভাবতে পারে, কিন্তু অবদান কোথায়? দলে সে-ই সবচেয়ে দুর্বলতম দিক।”
শোয়েব শুধু আঘাকেই নয়, টিম ম্যানেজমেন্টকেও কাঠগড়ায় তুলেছেন। তার ভাষায়, “অধিনায়ক এবং কোচ মিলে দল নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। কী ভিত্তিতে খেলোয়াড় বাছাই হচ্ছে, তা বোঝা যাচ্ছে না। আসলে সব দোষ ম্যানেজমেন্টের।”
পাকিস্তানের এই ব্যর্থতা নতুন নেতৃত্ব ও দল গঠনের সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। শোয়েবের মতে, অধিনায়ক যদি নিজেই দলের দুর্বলতম জায়গা হয়ে ওঠে, তাহলে পরিস্থিতি পাল্টানো আরও কঠিন হয়ে যায়।
