নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে হতাশাজনক বিদায়ের পর নতুন মিশনে নামছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে নতুন রূপে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শনিবার (২১ সেপ্টেম্বর) ঘোষিত এই দলে নেই তিন অভিজ্ঞ ক্রিকেটার ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও কারিম জানাত।
তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন দুই তরুণ—২০ বছর বয়সী বাঁহাতি পেসার বশির আহমেদ এবং ১৮ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল। দুজনের জন্যই এটি জাতীয় দলে প্রথম ডাক। বশিরকে রাখা হয়েছে দুটি সংস্করণেই, আর ওয়াফিউল্লাহ থাকছেন শুধু টি-টোয়েন্টি দলে।
বশির ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১৪ ম্যাচ, যেখানে তার উইকেট সংখ্যা ১২। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। অন্যদিকে ওয়াফিউল্লাহ ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন। ৩৩টি টি-টোয়েন্টিতে তার রান ৭৯৪, স্ট্রাইক রেট ১৪৫.৯৫। চলতি শাগিজা ক্রিকেট লিগে তিনি ৩৭.২৫ গড়ে এবং ১৫৫.২০ স্ট্রাইক রেটে ২৯৮ রান করে রান সংগ্রহের তালিকায় ছিলেন তৃতীয়।
টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তরুণ রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের, তবে ওয়ানডে দলে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাকে। ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন দারভিশ রাসুলি, নানগেলিয়া খারোটে, আব্দুল্লাহ আহমাদজাই ও মোহাম্মদ সালিম।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। শারজাহতে ম্যাচগুলো হবে ২, ৩ ও ৫ অক্টোবর। এরপর আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।
* আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফুদ্দিন আশরাফ, নূর আহমদ, মুজিব-উর-রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক ও আবদুল্লাহ আহমদজাই।
