নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান নামটি এখন এক কিংবদন্তি। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে অলরাউন্ডারদের তালিকায় রাজত্ব করেছেন তিনি। আইসিসির র্যাংকিংয়ে তিন ফরম্যাট মিলিয়ে এক নম্বর অলরাউন্ডার হিসেবে থেকেছেন বহু বছর। তবুও বিতর্কের অবসান হয়নি—জাদেজা নাকি সাকিব, কে সেরা? কেউ বলেন ব্যাটিংয়ে এগিয়ে জাদেজা, কারো মতে বোলিংয়েও ভারতীয় তারকা ছাড়িয়ে গেছেন সাকিবকে।
তবে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি এই তুলনায় রেখেছেন একেবারে স্পষ্ট অবস্থান। গতকাল এক পডকাস্টে মঈন বলেন, “ব্যাটিং-বোলিং দুই দিক দিয়েই জাদেজার চেয়ে এগিয়ে সাকিব। ক্রিকেট বিশ্বে যে স্বীকৃতি ও মর্যাদা তিনি পাওয়ার যোগ্য ছিলেন, তা কখনোই সঠিকভাবে পাননি।”
সাকিবকে ‘আন্ডাররেটেড’ আখ্যা দিয়ে মঈন আরও যোগ করেন, তার পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং বড় ম্যাচে প্রভাব বিস্তার করার ক্ষমতা বিশ্ব ক্রিকেটে অনন্য। শুধু এশিয়ার নয়, সারা বিশ্বের ক্রিকেটারদের মধ্যেও সাকিবকে তিনি অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে মানছেন।
ক্রিকেট বিশ্বে সাকিব-জাদেজা তুলনা বরাবরই আলোচনার জন্ম দিয়েছে। তবে মঈন আলির মতো সমসাময়িক একজন ক্রিকেটারের এমন মন্তব্য নিঃসন্দেহে সাকিব ভক্তদের জন্য বাড়তি সম্মানের। একই সঙ্গে প্রশ্নও তুলছে—বাংলাদেশ ক্রিকেটের এই রত্ন কি সত্যিই আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ মর্যাদা পেয়েছেন?
