নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুবাইয়ে ভারতকে মিনি হার্ট অ্যাটাক দিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারল না ওমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভারতের দেওয়া ১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত লড়াই করেও ২১ রানে হেরে যায় তারা। তবে ম্যাচজুড়ে ওমানের ব্যাটাররা দেখিয়েছেন দারুণ দৃঢ়তা, যা মুহূর্তেই ম্যাচটিকে জমিয়ে তোলে।
১৮৯ রানের টার্গেটের শুরুটা হয় ওমানের জন্য বেশ ইতিবাচকভাবেই। ওপেনার আমির কলিম সামনে থেকে নেতৃত্ব দেন। অধিনায়ক যতিন্দর সিংয়ের সঙ্গে প্রথম উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। যতিন্দর করেন ৩২ রান। এরপর হাম্মাদ মির্জাকে সঙ্গে নিয়ে কলিম গড়েন আরও ৯৩ রানের জুটি। এ দুজনের দাপটেই একসময় মনে হচ্ছিলো অঘটন ঘটিয়ে দিতে পারে ওমান।
৩৮ বলে ফিফটি ছুঁয়ে কলিম শেষ পর্যন্ত ৪৬ বলে খেলেন ৬৪ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাটে আসে ২টি ছক্কা ও ৬টি চার। বল হাতেও নেন ২টি উইকেট। মির্জাও কম যাননি—৩০ বলে ফিফটি করে ৫১ রানে হার্দিক পান্ডিয়ার বলে আউট হন।
তবে শেষ পর্যন্ত চাপ সামলাতে পারেনি ওমান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি তারা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেনার সঞ্জু স্যামসন খেলেন ইনিংস সর্বোচ্চ ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস। তার ৪৫ বলের খেলায় ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। আর অভিষেক শর্মা ছিলেন ঝড়ো মেজাজে। মাত্র ১৫ বলে ৩৮ রান করে ঝড় তুলেছিলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮৮ রানে থামে ভারতীয় ইনিংস।
এই জয়ের ফলে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। পরের ম্যাচেই তাদের সামনে অপেক্ষা করছে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ লড়াই—চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোববারের মোকাবিলা।
