নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তাপ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে পূর্ণাঙ্গ তফসিল, যেখানে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে পরিচালনা পরিষদের নির্বাচন। ইতোমধ্যে আলোচনায় এসেছে ভোটের সমীকরণ, সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ও হেভিওয়েট লড়াইয়ের ইঙ্গিত।
বিসিবি গত সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের এই কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচন। নির্ধারিত সূচি অনুযায়ী ২০ সেপ্টেম্বর শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম। ওই দিন প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা। ২১ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত থাকবে আপত্তি জানানোর সুযোগ, সেদিন বিকালেই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর ২২ ও ২৩ সেপ্টেম্বর বিতরণ হবে মনোনয়নপত্র, যা জমা দিতে হবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে। যাচাই-বাছাইয়ের দিন ঠিক হয়েছে ২৬ সেপ্টেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ সেপ্টেম্বর। ডাক ও ই-ব্যালটও ওই দিন থেকেই বিতরণ শুরু হবে। ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফল ঘোষণা, আর ৫ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল।
গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদে কাউন্সিলরদের ভোটেই নির্ধারিত হবে ২৩ জন পরিচালক। ১৭১ জন কাউন্সিলরের মধ্যে ঢাকার ক্লাবগুলো থেকে আসবেন ৭৬ জন প্রতিনিধি, যেখান থেকেই বোর্ডের ১২ পরিচালক নির্বাচিত হবেন। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে আসবেন আরও ১০ জন। বাকি একজন আসবেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে। এরপর নতুন পরিচালকদের ভোটেই বেছে নেওয়া হবে বিসিবির সভাপতি।
এবারের নির্বাচনে বড় লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সভাপতি পদে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের, যিনি খেলোয়াড়ি জীবন শেষে এবার প্রথমবারের মতো বোর্ড নির্বাচনে নামছেন। পাশাপাশি সাবেক সভাপতি ফারুক আহমেদও আলোচনায় আছেন। পরিচালকের আসনেও দেখা যেতে পারে প্রতিদ্বন্দ্বিতা, কারণ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ছাড়াও একাধিক সাবেক ক্রিকেটার মাঠে নামতে আগ্রহী।
সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেটপাড়ায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। সভাপতি পদে হেভিওয়েটদের প্রতিদ্বন্দ্বিতা যেমন আলোচনায়, তেমনি কাউন্সিলরদের ভোটে কোন পক্ষ এগিয়ে থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন।
একনজরে বিসিবি নির্বাচনের তফসিল :
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা
২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল
