সুপার ফোরের সমীকরণে বাংলাদেশ, আফগানিস্তান ম্যাচেই ভাগ্য নির্ধারণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হার বাংলাদেশের পথ কঠিন করে তুলেছে। হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে ৬ উইকেটে হেরে এখন গ্রুপের শেষ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে পুরো ইনিংসে আর ঘুরে দাঁড়াতে পারেনি লিটনের দল। শেষ পর্যন্ত ১৩৯ রানে থামে সংগ্রহ, যা ৩২ বল আগেই ছুঁয়ে ফেলে প্রতিপক্ষ। ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে।

এ গ্রুপে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট সমান ২। তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ আছে চাপে। আফগানিস্তান +৪.৭০০, শ্রীলঙ্কা +২.৫৯৫ এবং বাংলাদেশ রয়েছে ঋণাত্মক -০.৬৫০ এ। এই অবস্থায় সুপার ফোরে জায়গা পেতে আফগানদের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে।

তবে শুধু জয় যথেষ্ট নয়। টাইগারদের প্রার্থনা করতে হবে, শ্রীলঙ্কা যেন আফগানদের বিপক্ষে জেতে। তাতে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ, ৬ পয়েন্টে শ্রীলঙ্কা যাবে সুপার ফোরে, আর আফগানিস্তান থেমে যাবে ২ পয়েন্টে।

অন্যদিকে আফগানদের কাছে হারলে প্রায় শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা। একমাত্র ব্যতিক্রম হতে পারে যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়। সে ক্ষেত্রে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সমান ২ পয়েন্টে থাকবে, কিন্তু তখনো নেট রানরেট বড় বাধা হয়ে দাঁড়াবে। কারণ লঙ্কানদের ধনাত্মক রানরেটকে পিছনে ফেলতে টাইগারদের প্রায় অসম্ভব সমীকরণ মেলাতে হবে।

আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই তাই নির্ধারণ করে দেবে বাংলাদেশের ভাগ্য। তার আগের দিন শ্রীলঙ্কা খেলবে হংকংয়ের বিপক্ষে। সব মিলিয়ে এখনো হিসাবের খাতা খোলা থাকলেও বাস্তবতা বলছে, সুপার ফোরে যেতে হলে বাংলাদেশকে মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতেই হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »