গম্ভীরের নির্দেশেই পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাইনি ভারতীয়রা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিকেট নয়, বরং ম্যাচ-পরবর্তী আচরণ। মাঠে সহজ জয় তুলে নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানের কারও সঙ্গে করমর্দনে অংশ নেননি। পাকিস্তান অধিনায়ক আঘা সালমানসহ কয়েকজন খেলোয়াড় সৌজন্য বিনিময়ের চেষ্টা করলেও ভারতীয়রা সোজা ড্রেসিংরুমের পথে হাঁটেন।

সূর্যকুমার যাদব পরে জানান, এটি ছিল সম্প্রতি পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেওয়া প্রতীকী বার্তা। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত তার ব্যক্তিগত ছিল না; পুরো দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

পরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, দলের প্রধান কোচ গৌতম গম্ভীরই খেলোয়াড়দের এ নির্দেশ দেন। পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে শুধু করমর্দনই নয়, কোনো আলাপ-আলোচনাতেও না যেতে তিনি দলের সবাইকে নির্দেশ দেন। ম্যাচের আগে খেলোয়াড়দের উদ্দেশে গম্ভীর বলেন, “বাইরের কোনো কথায় কান দেবে না। মাঠে শুধু পারফর্ম করবে। পেহেলগামের ঘটনার কথা মনে রাখো। হাত মেলাবে না, কথা বলবে না—শুধু খেলবে আর ভারতকে জেতাবে।”

ম্যাচ শেষে সম্প্রচারমাধ্যমের সাক্ষাৎকারেও গম্ভীর বলেন, “এটা ছিল আমাদের জন্য বিশেষ ম্যাচ। যারা পেহেলগামে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছি আমরা। একইসঙ্গে ভারতীয় সেনাদের অপারেশন ‘সিঁদুর’-এর সাফল্যকেও কৃতজ্ঞতা জানানো হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে।”

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াই এখানেই শেষ নয়। গ্রুপ পর্বের পর সুপার ফোরে আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের। এমনকি ফাইনালেও হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »