আবুধাবির উইকেটে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মালিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এশিয়া কাপে কঠিন সমীকরণে পড়েছে বাংলাদেশ। এখন সুপার ফোরে যেতে হলে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো উপায় নেই। এই ম্যাচকে কেন্দ্র করেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক।

তার মতে, ভেন্যু আবুধাবি হওয়ায় বাংলাদেশকেই কিছুটা এগিয়ে রাখা যায়। কারণ এই মাঠের উইকেট সাধারণত পেসারদের সহায়তা করে, যা আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকে সামান্য হলেও সুবিধা দিতে পারে। মালিক বলেন, “এই গ্রুপে শ্রীলঙ্কার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তারা ইতিমধ্যেই জিতেছে এবং হংকংয়ের বিপক্ষেও এগিয়ে থাকবে। তবে আসল লড়াই হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচে। জয়ী দলই সুপার ফোরে জায়গা করে নেওয়ার বড় সুযোগ পাবে।”

তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন দুবাইয়ের উইকেট নিয়ে। তার মতে, আফগানিস্তান দুবাইয়ে আরও ভয়ংকর হয়ে ওঠে। কারণ তাদের স্পিন আক্রমণ সেখানে বেশি কার্যকর হয়। যদিও আবুধাবির কন্ডিশনে বাংলাদেশ সুইংয়ের সুবিধা কাজে লাগাতে পারে। মালিক বিশেষভাবে উল্লেখ করেন, আফগান পেসার ওমরজাই ফর্মে না থাকায় সেটিও বাংলাদেশের জন্য বাড়তি স্বস্তি হতে পারে।

বাংলাদেশ দলের পারফরম্যান্সে সবচেয়ে বেশি নজরে এসেছে ব্যাটিং। মালিক মনে করেন, ওপেনিং জুটি থেকে ভালো শুরু না পাওয়া বাংলাদেশকে বারবার সমস্যায় ফেলছে। তাই তিনি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে অন্তত একজনের দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন। তার ভাষায়, “আপনাদের দুই ওপেনারের মধ্যে একজনকে রান করতেই হবে। তাহলেই লিটন, হৃদয়, জাকের বা শামীমরা স্বস্তি নিয়ে খেলতে পারবে এবং দলের ব্যাটিংয়ে মোমেন্টাম আসবে।”

বাংলাদেশের শরীরী ভাষার দিকেও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের এই সাবেক তারকা। মাঠে লড়াইয়ের মানসিকতা আরও দৃঢ়ভাবে প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জিতেন বা হারেন সেটা আলাদা বিষয়, কিন্তু শরীরী ভাষায় দেখাতে হবে যে বাংলাদেশ খেলতে এসেছে জিততে।”

সব মিলিয়ে, শ্রীলঙ্কার কাছে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। আবুধাবির উইকেট যদি কাজে লাগাতে পারে, তবে মালিকের চোখে এখনো সুপার ফোরের দৌড়ে আছে লিটন দাসের দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »