এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের পরও শিরোপা জয়ের স্বপ্ন ছাড়ছে না বাংলাদেশ। আবুধাবিতে রোববার রাতে ৬ উইকেটে হেরেছে লিটন দাসের দল। এই হার বাংলাদেশের নেট রানরেটে বড় ধাক্কা দিয়েছে। গ্রুপ ‘বি’-তে আফগানিস্তান (+৪.৭০) ও শ্রীলঙ্কা (+২.৫৯৫) দুইয়ে থাকলেও, বাংলাদেশের নেট রানরেট নেমে গেছে -০.৬৫০ এ। ফলে সমান দুই পয়েন্ট থাকলেও পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মিডল-অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। তার ভাষায়, “আমরা এখানে শুধু ম্যাচ খেলার জন্য আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি। এক ম্যাচ হারলেই আশা হারানোর কিছু নেই। আফগানিস্তানের বিপক্ষে আমরা জেতার মানসিকতা নিয়েই মাঠে নামব।”

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুর দুই ওভারে কোনো রান তুলতে পারেনি দল, উল্টো হারিয়েছে দুই ওপেনারকে। শেষ পর্যন্ত জাকের ও শামীম হোসেন পাটোয়ারীর জুটিতে ১৩৯ রান তুললেও সেটি যথেষ্ট হয়নি। লঙ্কানরা মাত্র ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন, “পাওয়ারপ্লেতে আমরা আসলেই ম্যাচটা হারিয়ে ফেলেছি। এই উইকেটে ১৪০ রান করে জিততে হলে বোলিং আর ফিল্ডিং নিখুঁত হতে হতো, সেটা আমরা করতে পারিনি।”

এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশের হাতে এখন বাকি একটি ম্যাচ—আফগানিস্তানের বিপক্ষে। রশিদ খানের নেতৃত্বাধীন দল হংকংকে ৯৪ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে। তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, আত্মবিশ্বাস হারাচ্ছে না টাইগাররা।

আগামী ১৬ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ–আফগানিস্তান লড়াই। টাইগারদের জন্য ম্যাচটি এখন কার্যত বাঁচা-মরার লড়াই। অন্যদিকে শ্রীলঙ্কা আগামীকাল দুবাইয়ে মুখোমুখি হবে হংকংয়ের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »