স্ট্রাইক রেট সমালোচকদের মাঠেই জবাব দিলেন লিটন দাস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে সাত উইকেটের সহজ জয়ে লিটন দাস ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেয়া নায়ক। ইনিংসে ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে দলকে জেতান তিনি। লিটনের এমন ব্যাটিং দেখে ভারতের সাবেক স্পিনার ও বিশ্লেষক মুরালি কার্তিক মনে করছেন, স্ট্রাইক রেট নিয়ে যারা সমালোচনা করছিলেন, লিটন তাদের স্পষ্ট জবাব দিয়েছেন।

আবুধাবির ধীরগতির উইকেটে প্রথমে ব্যাট করে হংকং থামে মাত্র ১৪৩ রানে। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারালেও লিটনের ব্যাটে ম্যাচে আর কোনো চাপ নিতে হয়নি বাংলাদেশকে। তাওহীদ হৃদয়ের সঙ্গে তার ৯৫ রানের জুটি দলকে নিরাপদ পথ দেখায়। যদিও জয়ের জন্য দরকার ছিল মাত্র দুই রান, তখনই বোল্ড হয়ে ফেরেন লিটন।

কার্তিক বলেন, “যেভাবে লিটন ব্যাট করেছে, ইনিংস নিয়ন্ত্রণ করেছে এবং সতীর্থরা তাকে ঘিরে খেলেছে, তাতে ও অবশ্যই খুশি হবে। আসলে দিন শেষে জয় দিয়েই শুরু করতে হয়, যা লিটন করেছে। সমালোচকরা ওর স্ট্রাইক রেট নিয়ে কথা বলেছিল, কিন্তু ও এবার মাঠেই জবাব দিয়েছে।”

তবে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে দাঁড় করাতে হলে কেবল লিটনের উপর নির্ভর করলে হবে না, অন্যদেরও রান করতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের ব্যাটিংয়ে আরেকজনকে দায়িত্ব নিতে হবে। ইমন বা তাওহীদ হৃদয়—এমন কাউকে অবশ্যই উঠে আসতে হবে। হৃদয় ধীরে ধীরে শিখছে কীভাবে ম্যাচ জেতাতে হয়, সেটাই ইতিবাচক দিক।”

এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে করেন হার্শা। তিনি মনে করছেন, প্রতিভার দিক থেকে লঙ্কান ব্যাটিং এগিয়ে থাকলেও বাংলাদেশের পেস আক্রমণই হতে পারে ম্যাচের মূল শক্তি। “তাসকিন, মুস্তাফিজ ও তানজিম—এই ত্রয়ীকে নিয়ে বাংলাদেশ এখন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে,” মন্তব্য তার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »