এশিয়া কাপে লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ কার্তিক, সতীর্থদেরও দায়িত্ব নিতে বললেন হার্শা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৪৪ রানের লক্ষ্য ১৭.৪ ওভারেই তাড়া করে সাত উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লিটন দাসের দল। এই ম্যাচে দলের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিটন নিজেই। তার ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। তবে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শুধু লিটন নয়, অন্যদেরও দায়িত্ব নিতে হবে।

আবুধাবির ধীরগতির উইকেটে ব্যাট হাতে নেমে শুরুতে বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারকে দ্রুত হারিয়ে চাপ বাড়লেও লিটন তা সামলে নেন। ৩৯ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে জয়কে সহজ করে তোলেন তিনি। তাওহীদ হৃদয়ের (৩৫*) সঙ্গে ৬৯ বলে ৯৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে টাইগারদের জয়ের বন্দরে পৌঁছে দেন। যদিও শেষ মুহূর্তে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন, কিন্তু তার ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

লিটনের এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মুরালি কার্তিক বলেন, “যেভাবে লিটন ইনিংস নিয়ন্ত্রণ করেছে এবং অন্যদের সঙ্গে ব্যাটিং করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। দিনশেষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সে তা করেছে। যারা ওর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা করছিল, তাদেরকেও সে মাঠেই জবাব দিয়েছে।”

তবে হার্শা ভোগলের দৃষ্টিতে, বাংলাদেশের সামনের বড় চ্যালেঞ্জ লিটনের বাইরের ব্যাটারদের ফর্ম। তিনি বলেন, “বাংলাদেশের ব্যাটিংয়ে অন্যদেরও দায়িত্ব নিতে হবে। ইমন কিংবা তাওহীদ—কেউ একজনকে সামনে থেকে এগোতে হবে। হৃদয় প্রতিনিয়ত শিখছে, কিভাবে ম্যাচ জেতানো যায়। তবে এটা এখনো আমার কাছে চিন্তার জায়গা।”

আগামী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াইকে সমানতালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখছেন হার্শা। তিনি মনে করেন, শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থেকে শুরু করবে, তবে বাংলাদেশের বোলিং আক্রমণ ম্যাচে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। “তাসকিন, মুস্তাফিজ ও তানজিমকে নিয়ে বাংলাদেশের পেস আক্রমণ শক্তিশালী হচ্ছে। স্পিনাররাও সবসময় ভালো মানের। তাই শ্রীলঙ্কা ফেভারিট হলেও ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে,” মন্তব্য করেন তিনি।

 এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ এখন শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে আবারও নজর থাকবে লিটনের ব্যাটিং ও পেসারদের ধারাবাহিকতার ওপর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »