নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের সাম্প্রতিক কটাক্ষের জবাবে সরাসরি মন্তব্য করেছেন। অশ্বিন আগে এশিয়া কাপকে কেন্দ্র করে ভারতের বাইরে বাকি দলগুলোকে দুর্বল আখ্যায়িত করেছিলেন এবং বিশেষ করে বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্যই করতে পারেননি। তার পাশাপাশি তিনি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে দক্ষিণ আফ্রিকাকে অন্তর্ভুক্ত করার ও ভারতের ‘এ’ দল খেলানোর পরামর্শ দেন।
শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তানজিম সাকিব বলেন, “আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলো আসলে আমাদের কিছু প্রভাবিত করবে না। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি এবং আমাদের লক্ষ্য একটাই—আমরা আমাদের সেরাটা দিতে চাই। কে বড় দল বললো, কে ছোট দল বললো—সবই অনভিপ্রেত।”
তানজিম আরও যোগ করেন, আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করলেও, “এটা তারা বলতে পারে। তবে আমাদের বিপক্ষে খেলা তাদের জন্য সহজ হবে না।”
বাংলাদেশের পেসার এই জবাবের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো নেতিবাচক মন্তব্য বা কটাক্ষ তাদের মানসিকতা প্রভাবিত করতে পারবে না। দলের একটিমেন্ট এবং লড়াইয়ের মনোভাবই এখন তাদের মূল শক্তি।
