নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই লড়াই ঘিরে দুই দেশেই চরম উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়েই মত দিয়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তার ভাষ্য, বর্তমান সময়ে ভারতকে হারানোর মতো সামর্থ্য কোনো দলের নেই।
হরভজন বলেন, “যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা ভারত নিজেরাই। কারণ আমাদের দল এতটাই শক্তিশালী। রোহিত শর্মা বা বিরাট কোহলি না থাকলেও প্রতিভাবান ক্রিকেটারের কোনো অভাব নেই।”
রাজনৈতিক টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া তাদের মুখোমুখি লড়াই দেখা যায় না। সাম্প্রতিক সংঘাতের পর এবারই প্রথম আবার মাঠে নামবে দুই দল, আর সেটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এ বিষয়ে হরভজন আরও বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি আবেগ। তবে অপারেশন সিঁদুরের পর সবাই বলেছে, ক্রিকেট ও বাণিজ্য বন্ধ রাখা উচিত। আমরা যখন লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ খেলছিলাম, তখনও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলিনি।”
দুই দেশের সম্পর্ক উন্নয়নের দিকেও জোর দেন তিনি। “আমার মতে, সম্পর্ক ভালো না হলে ক্রিকেট কিংবা বাণিজ্য কোনোটাই হওয়া উচিত নয়। সরকার অনুমতি দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মূল বিষয় হলো পারস্পরিক সম্পর্ক। সেটাই আগে ঠিক হওয়া দরকার।”
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই টিকিট বিক্রি, দর্শকদের আগ্রহ এবং ক্রিকেট দুনিয়ার আলোচনায় তুঙ্গে অবস্থান করছে। তবে হরভজনের বিশ্বাস, মাঠে নামলে ভারতই থাকবে সবচেয়ে এগিয়ে।
