ইংল্যান্ডের ২৭৯ রানের জবাব দিতে নামতেই পারল না বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কেন্ট কাউন্টি গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ওয়ানডে জয়ের লড়াই জমে উঠলেও শেষ হাসি হাসল বৃষ্টি। নির্ধারিত সময়ে দ্বিতীয় ইনিংস শুরুই করা যায়নি, ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। চার ম্যাচ শেষে এখনো সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ও ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯।

দিনের শুরুতে টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। ৪৫ ওভারে নামানো ম্যাচে তাদের ব্যাটিং আক্রমণাত্মক হলেও ধারাবাহিকভাবে উইকেট হারায়। ওপেনিং জুটি ভাঙেন আজিজুল হাকিম তামিম, এরপর স্বাধীন ইসলাম আর সামিউন বাসির রাতুল ফেরান পরের দুই ব্যাটারকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও মিডল অর্ডারে থমাস রিউ একাই ভরসা হয়ে ওঠেন।

ক্রিজ আঁকড়ে রেখে ৮৬ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন রিউ, যেখানে ছিল সাতটি চার আর দুটি ছক্কা। শেষ দিকে তাকে সঙ্গ দেন রালফি আলবার্ট, ৪৩ বলে ৫২ রান করেন তিনি। নির্ধারিত ৪৫ ওভারে ইংলিশ যুবাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৭৯।

বাংলাদেশের হয়ে উইকেট ভাগাভাগি করেছেন তামিম, স্বাধীন, রাতুল, রিজান ও ফাহাদ। কিন্তু লক্ষ্য তাড়ায় নামার আগেই ফের নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ বাতিল করেন আম্পায়াররা।

চার ম্যাচ শেষে সিরিজের অবস্থা এখন ১–১ সমতায়। প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। তবে টানা দুই ম্যাচে বৃষ্টির হস্তক্ষেপে ফলাফলহীন থেকে গেল লড়াই। এখন সিরিজ জয়ের সিদ্ধান্ত হবে শেষ ওয়ানডেতে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »