নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রেখেছেন হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তজা। টাইগারদের কাছে ৭ উইকেটে হেরে গেলেও ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
ম্যাচে শুরু থেকেই বাংলাদেশি পেসারদের দাপটে চাপে পড়ে হংকং। তবে দলকে কিছুটা ভরসা জুগিয়েছিলেন অধিনায়ক ইয়াসিম মুর্তজা নিজেই। ১৯ বলে ২৮ রানের ক্যামিওতে লড়াইয়ের চেষ্টা করেছিলেন তিনি। শেষ পর্যন্ত পুরো দল থেমে যায় ১৪৩ রানে। সেই পুঁজি লিটন দাসের ঝলমলে ব্যাটিংয়ে অনায়াসেই টপকে যায় বাংলাদেশ। ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।
সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইয়াসিম বলেন, “আমি খুশি আমার ইনিংস নিয়ে। কিন্তু আমাদের একজন ব্যাটার যদি ৬০-৭০ রান করতে পারত, তাহলে স্কোরটা ১৬০-১৭০ হতো। আমরা অন্তত ৪০ রান কম করেছি।”
তবে হতাশ না হয়ে সামনে তাকাতেই চান হংকং অধিনায়ক। তার ভাষ্য, “এশিয়া কাপে খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তরুণদের জন্যও দারুণ অভিজ্ঞতা এটি। ওয়াহিদ বা কালহানের মতো তরুণরা শিখছে, যা ভবিষ্যতে কাজে লাগবে। দেশে ফিরে অবশ্যই আমরা এসব নিয়ে কাজ করব।”
নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ না পাওয়ার কারণে পার্থক্যটা আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন ইয়াসিম। তিনি বলেন, “আমরা সাধারণত সহযোগী দেশগুলোর সঙ্গে খেলি। খেলার সুযোগ খুব একটা আসে না। এখানে টেস্ট খেলুড়ে দলগুলো নিয়মিত খেলে এসেছে। মাঠেই ফারাকটা বোঝা যায়।”
হারের হতাশা ছাপিয়ে তাই শিক্ষা আর অভিজ্ঞতাকেই সামনে এগোনোর হাতিয়ার হিসেবে দেখছেন হংকং অধিনায়ক।
