বাংলাদেশকে হারানোর স্বপ্ন দেখছে হংকং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে হংকং। কাগজে-কলমে শক্তি ও অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকলেও বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস ঝরালেন দলটির অলরাউন্ডার নিজাকাত খান।

টি-টোয়েন্টির অপ্রত্যাশিত চরিত্রকেই ভরসা করছেন তিনি। নিজাকাতের ভাষায়, “টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। এটা কয়েক ওভারের খেলা। কেউ ব্যাট হাতে ঝড় তুলতে পারে, আবার কেউ বল হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমাদেরও এমন প্লেয়ার আছে, যারা একাই খেলা জেতাতে পারে।”

তবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না এই লেগ-স্পিনিং অলরাউন্ডার। বিশেষ করে টাইগারদের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা হংকংয়ের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করেন তিনি। “বাংলাদেশের দলে দুর্দান্ত খেলোয়াড় আছে। তারা প্রচুর লিগ খেলেছে, অভিজ্ঞতা অনেক বেশি। তাই কাজটা সহজ হবে না।”

বাংলাদেশের বিপক্ষে আগের স্মৃতিও উসকে দিয়েছেন নিজাকাত। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর সেই ঐতিহাসিক ম্যাচের কথা উল্লেখ করে তিনি বলেন, “ওটা আমাদের জন্য ভীষণ স্পেশাল জয় ছিল। বাংলাদেশকে বাংলাদেশেই হারানো সহজ নয়। কিন্তু আমরা স্পিন আক্রমণ দিয়ে ম্যাচে ফিরেছিলাম, আর ব্যাটিংয়ে শেষটা ভালোভাবে করেছি। আমার বোলিংও ভালো হয়েছিল সেদিন।”

সেই ম্যাচে বাংলাদেশকে মাত্র ১০৮ রানে থামিয়ে দিয়েছিল হংকং, পরে হাতে দু’বল রেখেই জিতে যায় তারা। ওইদিন তিন উইকেট নিয়েছিলেন নিজাকাত।

আসন্ন এশিয়া কাপে তাই আত্মবিশ্বাসী হংকং শিবির। তবে প্রতিপক্ষের শক্তি ভালোভাবে বুঝেই মাঠে নামবে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »