নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৩০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডস ক্রিকেট দল বড় কিছু পরিবর্তন এনেছে। চোট ও ব্যক্তিগত কারণে দলের বাইরে থাকছেন রায়ান ক্লেইন, ফ্রেড ক্লাসেন এবং সাকিব জুলফিকার। তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্রাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
তবে সবচেয়ে চমক হিসেবে দলে নতুন সুযোগ পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ও ঘরোয়া ক্লাব ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখানো ডি ল্যাংকে অধিনায়ক স্কট এডওয়ার্ডস পুরোপুরি প্রাপ্য হিসেবে দেখছেন। তিনি বলেন, “দলে নতুন কোনো তরুণকে নেওয়া সবসময়ই রোমাঞ্চকর। সেড্রিক পুরো গ্রীষ্মজুড়ে দারুণ খেলেছে এবং এই সুযোগ সে পূর্ণভাবে ব্যবহার করবে। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি তাকে মাঠে দেখার জন্য।”
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ব্রাট ও সিকান্দার। ব্রাট সর্বশেষ ২০২১ সালে নেপালের বিপক্ষে খেলেছিলেন, আর সিকান্দার ২০১৯ সালের পর ফের দলে ফিরেছেন। অধিনায়ক এডওয়ার্ডস বলেন, “সেবাস্তিয়ানের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। সিকান্দারের দ্রুত রান তোলার দক্ষতা আমাদের শেষ মুহূর্তের অবস্থায় কাজে লাগবে। ওদের ফেরার খবর আমাদের জন্য বড় সুখবর।”
নেদারল্যান্ডসের এই সফর মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশ দল সিরিজটিকে কাজে লাগাবে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির জন্য। তিনটি ম্যাচ যথাক্রমে ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে নেদারল্যান্ডস দল সিলেটে তিন দিন অনুশীলন করবে।
নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দল:
ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।
