আন্তর্জাতিক ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের প্রত্যাবর্তন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ নিষেধাজ্ঞা ও অবসরের ঘোষণার পর ফের আন্তর্জাতিক ওয়ানডেতে ফিরছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। এবার তাকে রাখা হয়েছে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের ঘোষিত দলে।

হারারের মাটিতে ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দুটি ওয়ানডে ম্যাচ। এরপর একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

২০২১ সালের সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেলর সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। প্রায় চার বছরের বিরতির পর তার ফেরাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট। প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা জানিয়েছেন, দলের সংকট মুহূর্তে টেলরের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা বড় ভূমিকা রাখবে। পাশাপাশি ড্রেসিংরুমে তার উপস্থিতি তরুণদের অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করছেন তিনি।

টেলরের সঙ্গে ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। এর মধ্যে ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা ও ব্র্যাড ইভান্স থাকছেন ওয়ানডে দলে, আর অভিষেকের অপেক্ষায় আছেন তরুণ পেসার আর্নেস্ট মাসুকু।

জিম্বাবুয়ের ঘোষিত ওয়ানডে দল হলো—ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »