নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চার বছর পরে মেন্টর বা কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হতে পারেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং জাদুকর।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং জাদুকর এবি ডি ভিলিয়ার্স চার বছর আগে ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিলেও আইপিএলের মঞ্চে আবার দেখা যেতে পারে তাঁকে, তবে ব্যাট হাতে নয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৬ সালের আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুমে মেন্টর বা কোচ হিসেবে ফিরতে পারেন তিনি।
এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স নিজের আগ্রহের আভাস দিয়েছেন। তিনি বলেন, “পুরো মৌসুমের জন্য পেশাদার দায়িত্ব নেওয়া এখন সম্ভব নয়, তবে কখনোই ‘না’ বলা যায় না। আমি সবসময় বেঙ্গালুরুর সঙ্গে থাকব। যদি দল মনে করে আমার জন্য কোনো ভূমিকা আছে, আর সময়-সুযোগ মিলে যায়, তাহলে সেটা অবশ্যই আরসিবিই হবে।”
আইপিএলে ডি ভিলিয়ার্সের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি দলের অপরিহার্য অংশ হয়ে উঠেন। তাঁর অসাধারণ ব্যাটিং এবং খেলার দৃঢ় মানসিকতা আইপিএলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।
এই বার্তা আরও নিশ্চিত করছে, ক্রিকেটের মঞ্চ থেকে বিদায়ের পরও ডি ভিলিয়ার্সের প্রভাব ও প্রজ্ঞা আইপিএলের যুব ও অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ উৎস হয়ে থাকবে।
