নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে থেকেই ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ভিন্ন রকম উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম চালু করেছে।
দর্শকরা বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) অথবা বিসিবি টিকিট অ্যাপের মাধ্যমে ঘরে বসেই কাঙ্ক্ষিত আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারি ও আসনের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করেছে বোর্ড। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ২০০০ টাকার টিকিট পাওয়া যাবে।
মূল্য অনুযায়ী টিকিট পাওয়া যাবে নিম্নরূপ—
১৫০ টাকা: শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল।
২৫০ টাকা: শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি)।
৫০০ টাকা: ক্লাব হাউসের এ১ ও ই১ ব্লক।
২০০০ টাকা: গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ইস্ট/ওয়েস্ট, লোয়ার ইস্ট/ওয়েস্ট) এবং ডিরেক্টরস এনক্লোজার।
সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং শেষ ম্যাচ ৩ সেপ্টেম্বর—সবকটিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ আয়োজন করেছে বিসিবি। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট দেখতে সবসময়ই বিশেষ উৎসবের আবহ তৈরি হয়। তাই ক্রিকেটবোদ্ধারা বলছেন, টিকিট বিক্রি শুরুর খবরে সিলেটসহ সারাদেশের ভক্তরা এখন অপেক্ষা করছেন মাঠে গিয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে।
