‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নয়, পূর্ণ সময় মাঠেই থাকতে চান বিরাট কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট আর টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে এখন মূলত ওয়ানডে ক্রিকেট আর আইপিএলে মনোযোগী বিরাট কোহলি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চালু হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নীতিকে কখনোই সমর্থন করেননি তিনি। ব্যাটিং করেই বিশ্রামে যাওয়া নয়, বরং পুরো সময় মাঠে থেকে খেলার পক্ষপাতী ভারতীয় ব্যাটিং মহাতারকা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ক্রিকেটার স্বস্তিক চিকারা সম্প্রতি জানিয়েছেন, ড্রেসিংরুমে কোহলির সঙ্গে আলাপচারিতায় তিনি শুনেছেন এই দৃঢ় অবস্থান। কোহলির ভাষায়, যতদিন শরীর সাড়া দেবে, ততদিন তিনি ২০ ওভার মাঠে ফিল্ডিং করবেন, ব্যাটিং করবেন এবং দলের জন্য পুরোটা সময় নিবেদন করবেন। তার মতে, যেদিন কেবল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবেই নামতে হবে, সেদিনই ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন।

আইপিএলে রোহিত শর্মা কিংবা ট্রাভিস হেডের মতো অভিজ্ঞরা এই নিয়ম গ্রহণ করলেও কোহলি আলাদা পথেই হাঁটছেন। আরসিবির নতুন মুখ স্বস্তিকের মতে, এটাই কোহলির পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তার প্রমাণ।

এদিকে কোহলির সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি হয়তো এর আগেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। একই ধরনের আলোচনা চলছে রোহিত শর্মাকে ঘিরেও।

তবে এসব জল্পনায় ভরসা দিতে নারাজ বিসিসিআই। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলি ও রোহিত দুজনেই এখনো ওয়ানডে ক্রিকেটে আছেন এবং তাঁদের অবসর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অবসরের সিদ্ধান্ত একান্তই খেলোয়াড়দের ব্যক্তিগত বিষয়, বোর্ড কেবল সেই সিদ্ধান্তকে সম্মান করবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »