ফতুল্লা স্টেডিয়ামের বেহাল চিত্র দেখে আবেগাপ্লুত বুলবুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একসময় স্মরণীয় ভেন্যু হিসেবে জায়গা করে নেওয়া ফতুল্লার শহীদ রুপম গোপ স্টেডিয়াম (সাবেক খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম) এখন পড়ে আছে অযত্নে। দুই দশক আগে যে মাঠ আন্তর্জাতিক ক্রিকেটের আলোয় উজ্জ্বল হয়েছিল, আজ সেটি খেলার অনুপযোগী হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

২০০৬ সালে এই ভেন্যুতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়, সেই বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলেছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের বিপক্ষে টেস্ট এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের মতো বহু স্মৃতিময় ম্যাচের সাক্ষী থেকেছে এই মাঠ। কিন্তু ২০১৬ সালের পর থেকে আর কোনো আন্তর্জাতিক খেলা হয়নি এখানে। এমনকি ঘরোয়া ক্রিকেটও প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে ফতুল্লায়।

ভেতরের ও বাইরের মাঠ বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকত। পরিস্থিতি সামাল দিতে মাঠজুড়ে ফেলা হয়েছে বালু, যা মাঠের পাশাপাশি গ্যালারির একাংশকেও ঢেকে দিয়েছে। ফলে নতুন করে তৈরি করতে হবে খেলার উপযোগী উইকেট ও গ্যালারি। কিন্তু সংস্কারকাজ চলছে ধীরগতিতে, কবে শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউই।

এর মধ্যেই রোববার মাঠের বর্তমান অবস্থা দেখতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মাঠ ঘুরে এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বুলবুল বলেন, “ফতুল্লা মাঠটা দেখে এলাম। আমার খুব কান্না পাচ্ছিল। এই মাঠে শাহরিয়ার নাফীস সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল। এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ।”

একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, সংস্কারকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং শিগগিরই মাঠকে আবারও খেলার উপযোগী করার চেষ্টা করবে বিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »