এশিয়া কাপে টাইগার স্কোয়াডে চমক, ফিরলেন সোহান-সাইফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আবুধাবিতে আগামী সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। পাকিস্তান ও ভারতের পর শুক্রবার (২২ আগস্ট) নিজেদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডে এসেছে একাধিক চমক, ফিরেছেন কয়েকজন পুরনো মুখ, আবার বাদ পড়েছেন আলোচিত কিছু ক্রিকেটারও।

সবচেয়ে বড় চমক নুরুল হাসান সোহানের প্রত্যাবর্তন। প্রায় তিন বছর পর এশিয়া কাপে জাতীয় দলে ডাক পেলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এই উইকেটকিপার ব্যাটার এবার ফিরলেন ভিন্ন ভূমিকায়। পাশাপাশি দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান, যিনি দুই বছর পর আবারো জাতীয় স্কোয়াডে জায়গা করে নিলেন। পেস অলরাউন্ডার হিসেবে যুক্ত হয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ সাইফউদ্দিনও।

তবে বাদ পড়েছেন তরুণ ব্যাটার নাঈম শেখ। ইনজুরি ও ব্যক্তিগত কারণে নেদারল্যান্ডস সিরিজে না খেলা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়নি মূল দলে। তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়। সেই তালিকায় আরও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচ মাঠে গড়াবে—এর মধ্যে ১১টি দুবাইয়ে এবং বাকি ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

টাইগারদের মিশন শুরু হবে ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজরা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই
মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »