নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এখনো আলো ছড়াতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাট-বল দু’দিকেই ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। সর্বশেষ ম্যাচে বল হাতে মাত্র দুই ওভারে ১৬ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে নামলেও টিকতে পারেননি বেশিক্ষণ, সাত বলে করেছেন মাত্র আট রান।
সাকিবের এমন ব্যর্থতার দিনে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসকে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে দলটি হেরেছে ৮৩ রানের বিশাল ব্যবধানে।
বাংলাদেশ সময় শনিবার সকালে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে গায়ানা তোলে ৩ উইকেটে ২১১ রানের পাহাড়। ইনিংসের নায়ক ছিলেন শাই হোপ ও শিমরন হেটমায়ার। হোপ খেলেন ঝড়ো ৫৪ বলে ৮২ রানের ইনিংস, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। শেষদিকে হেটমায়ারের ২৬ বলে অপরাজিত ৬৫ ও রোমারিও শেফার্ডের ৮ বলে ২৫ রানে দুইশ পেরিয়ে যায় দলীয় সংগ্রহ।
২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে অ্যান্টিগা। দলটির হয়ে সর্বোচ্চ ১৪ বলে ৩১ রান করেন কারিমা গোরে। বেভন জ্যাকবস করেন ২৫ বলে ২৬ এবং ফাবিয়ান অ্যালেনের ব্যাট থেকে আসে ২০ বলে ২২ রান। কিন্তু দলের বাকি ব্যাটাররা ছিলেন ব্যর্থ, তাই ১৫.২ ওভারেই অলআউট হয়ে যায় অ্যান্টিগা, মাত্র ১২৮ রান সংগ্রহে।
গায়ানার হয়ে ম্যাচে সবচেয়ে আলো ছড়ান দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির। দুর্দান্ত বোলিং করে মাত্র ২১ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।
এখন পর্যন্ত সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস ৫টি ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়, বাকি চার ম্যাচে কেবল হারের মুখ দেখেছে তারা। আর সাকিবের ব্যক্তিগত পারফরম্যান্সও খুব হতাশাজনক—ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংস মাত্র ১৩ রান, বল হাতে একমাত্র সাফল্য তৃতীয় ম্যাচে নেওয়া একটি উইকেট।
