বাংলাদেশ সফরে ডাচরা, চোখ ২০২৬ বিশ্বকাপে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এশিয়া কাপের আগে নিজেদের শক্তি যাচাই করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশ নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে ইউরোপের দলটি।

আগামী বিশ্বকাপ বসবে ভারত ও শ্রীলঙ্কার মাঠে। উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্যই বাংলাদেশের বিপক্ষে সিরিজকে বেছে নিয়েছে নেদারল্যান্ডস। দলের প্রধান কোচ রায়ান কুক বিশ্বাস করেন, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এবং গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলা তাদের ক্রিকেটারদের জন্য হবে দুর্লভ অভিজ্ঞতা।

কুক এক ভিডিও বার্তায় বলেন, “বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর থেকেই আমরা ভালো প্রস্তুতির সুযোগ খুঁজছিলাম। উপমহাদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলা, প্রচুর দর্শক ও মিডিয়ার মনোযোগ পাওয়া—এসব আমাদের খেলোয়াড়দের জন্য বিশেষ সুযোগ। এ অভিজ্ঞতা আমাদের প্রায় হয় না, তাই সিরিজটি বিশ্বকাপ প্রস্তুতিতে দারুণ ভূমিকা রাখবে।”

নেদারল্যান্ডস দলে এমন কিছু ক্রিকেটার আছেন যারা আগেও উপমহাদেশে বিশ্বকাপ খেলেছেন। আবার অনেকে একেবারেই নতুন। তাই তরুণ ও অনভিজ্ঞদের জন্য এই সফর বড় এক সুযোগ বলে মনে করছেন কুক। তিনি নিজেও বাংলাদেশে ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। ফলে এখানকার পরিবেশ, গ্যালারির আবেগ ও দর্শকদের ক্রিকেটপ্রেম সম্পর্কে ভীষণ ভালো ধারণা আছে তার।

কুকের ভাষায়, “বাংলাদেশ সত্যিই অসাধারণ জায়গা। আমি সেখানে অনেক সময় কাটিয়েছি। খেলার প্রতি মানুষের আবেগ ও দর্শকদের উচ্ছ্বাস অন্যরকম। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা এই অভিজ্ঞতা পুরোপুরি উপভোগ করবে।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে নেদারল্যান্ডস সিরিজের সূচি প্রকাশ করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ আগস্ট ঢাকায় নামবে ডাচরা। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট, আর পরের দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সিরিজকে তাই সমান গুরুত্ব দিচ্ছে দুই দলই। একদিকে বাংলাদেশ নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে, অন্যদিকে বিশ্বমঞ্চে যাওয়ার আগে প্রস্তুতি সেরে নেবে নেদারল্যান্ডস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »