নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে আগেই নাম ঘোষণা হয়েছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার। তবে ম্যাচ কোথায় হবে—এই প্রশ্নে এতদিন ধোঁয়াশা ছিল। অবশেষে দক্ষিণ আফ্রিকা তাদের ভেন্যু তালিকা প্রকাশ করেছে।
ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ঘোষণায় জানা গেছে, মোট ৫৪ ম্যাচের মধ্যে ৪৪টি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাঠে। এই ম্যাচগুলো ভাগ করে দেওয়া হবে আটটি ভেন্যুতে—জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন এবং পার্লে। কোন ভেন্যুতে কয়টি ম্যাচ হবে তা এখনও নির্ধারিত হয়নি, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পরই চিত্র পরিষ্কার হবে।
বাকি ১০টি ম্যাচ আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে এই দুই দেশে ঠিক কয়টি করে ম্যাচ হবে, সেটি চূড়ান্ত হয়নি। আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় একটি সংস্থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএসএর চেয়ারম্যান পার্ল মাফোশে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ক্রিকেট আয়োজন নয়, বরং দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য বিশ্বমঞ্চে তুলে ধরা।”
এর আগে ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই আসরে গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি তারা। একই গল্প পুনরাবৃত্তি হয়েছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করলেও সেমিফাইনালে এসে থেমে যায় প্রোটিয়াদের যাত্রা। তবে ব্যর্থতার মধ্যেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছিল টেম্বা বাভুমার দল।
আসন্ন বিশ্বকাপে তাই শুধু জমকালো আয়োজন নয়, নিজেদের মাঠে দীর্ঘদিনের বিশ্বকাপ খরাও কাটাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার মাটিতে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উন্মাদনা।
