নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবারই প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নাম লিখিয়েছেন। মৌসুমের বাকি ম্যাচগুলোতে তিনি খেলবেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে।
সাম্প্রতিক সময়ে মাঠে এবং মাঠের বাইরে নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটাচ্ছেন রিজওয়ান। তার অধিনায়কত্বে পাকিস্তান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছে। ব্যাট হাতেও তিনি প্রত্যাশিত ধারাবাহিকতা দেখাতে পারছেন না। শুধু তাই নয়, গত এক বছরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তার নিয়মিত জায়গা পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এক সময়ের অধিনায়ক এই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতেও ‘এ’ ক্যাটাগরি থেকে নেমে যেতে হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে।
এশিয়া কাপ ও আসন্ন ত্রিদেশীয় সিরিজের দলে তাকে না রাখায় এবার বিদেশি লিগে খেলার পথ একেবারে খুলে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে রিজওয়ান প্রথমবারের মতো যোগ দিলেন সিপিএলে। ফলে ক্যারিবিয়ান আসরে পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি আরও জোরালো হলো।
ইতোমধ্যে বিভিন্ন দলে খেলছেন পাকিস্তানি তারকারা। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছেন উসামা মির। রিজওয়ানের নতুন দল প্যাট্রিয়টসে আগে থেকেই আছেন দুই তরুণ পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। এছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ।
পাকিস্তানের জাতীয় দলে জায়গা হারালেও রিজওয়ানের জন্য সিপিএল হতে পারে নিজেকে প্রমাণের বড় মঞ্চ। এখন দেখার বিষয়, ক্যারিবিয়ান মাটিতে তিনি ব্যাট হাতে কতটা আলো ছড়াতে পারেন।
