সিপিএলে ব্যাট হাতে ছন্দহীন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে ব্যাট হাতে একের পর এক ব্যর্থ হচ্ছেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে নিয়মিত টপ অর্ডারে সুযোগ পাচ্ছেন তিনি, কিন্তু রান আসছে না তার ব্যাট থেকে। এমন অবস্থায় মনে হচ্ছে, বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার যেন ব্যাটিং দক্ষতাই হারিয়ে ফেলেছেন।

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তৃতীয় ম্যাচেও হতাশ করলেন সাকিব। পাঁচ নম্বরে নেমে প্রায় পাঁচ ওভার টিকলেও তার ইনিংস থেমেছে মাত্র ৭ রানে। ১৩ বলের মুখোমুখি হয়ে একটি বাউন্ডারি ছাড়া আর কিছুই করতে পারেননি তিনি। ডট খেলেছেন আট বল। এই ম্যাচসহ চলতি আসরে তিন ইনিংসে তিনি রান করেছেন মোটে ৩১, যেখানে বল খেলতে হয়েছে ৪২টি। গড় হিসেব করলে বোঝাই যায়, প্রতিটি রান করতে তাকে কতটা সংগ্রাম করতে হচ্ছে।

ব্যাট হাতে এমন খরা নতুন নয় সাকিবের জন্য। সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন গ্লোবাল সুপার লিগে। এরপর থেকেই ব্যাটে ধার কমতে শুরু করে। তবে তার ব্যর্থতা সত্ত্বেও অ্যান্টিগার জয়যাত্রা থামছে না। ত্রিনবাগোর বিপক্ষে ফাবিয়ান অ্যালেনের ৪৫ এবং ইমাদ ওয়াসিমের ৩৯ রানে ভর করে দল তোলে ১৬৭ রান। জবাবে কলিন মানরো, কেসি কার্টি আর কাইরন পোলার্ড লড়াই করলেও ত্রিনবাগো থেমে যায় ১৫৯ রানে। ফলে ৮ রানের জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় অ্যান্টিগা।

বল হাতে অবশ্য এক ঝলক দেখা গেছে সাকিবকে। ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে এসে ড্যারেন ব্রাভোকে আউট করেন তিনি। সেই ওভারে মাত্র ২ রান খরচ করলেও এরপর আর তাকে বল হাতে ব্যবহার করেননি অধিনায়ক ইমাদ ওয়াসিম।

সব মিলিয়ে, সাকিবের দল এগোচ্ছেও তিনি নিজে এখনো খুঁজে পাচ্ছেন না ব্যাটিংয়ের হারানো ছন্দ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »