নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ফিক্সিংয়ের গন্ধ বেশ স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিপিএলের সর্বশেষ আসরে ওঠা অভিযোগ দেশের ক্রিকেট অঙ্গনকে নাড়িয়ে দিয়েছিল। বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এর তদন্তেও নাকি স্পট ফিক্সিংয়ের সত্যতা মিলেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে এসে দায়িত্ব নিলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন শাখার সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল।
১৮ আগস্ট ঢাকায় পা রাখার পর ১৯ আগস্ট হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের নতুন পরামর্শক হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কাজের রূপরেখা তুলে ধরেন তিনি। যুক্তরাজ্যের সাবেক এই পুলিশ কর্মকর্তা স্পষ্ট করেছেন, বাংলাদেশ ক্রিকেটকে সুরক্ষিত করতে তার ভূমিকা হবে একটি পূর্ণাঙ্গ ইন্টেগ্রিটি ইউনিট গড়ে তোলা।
মার্শাল জানিয়েছেন, ক্রিকেটকে দুর্নীতি থেকে রক্ষায় তার অগ্রাধিকার হবে খেলার প্রতি আস্থা ফিরিয়ে আনা। দর্শক যেন নিশ্চিত থাকতে পারেন—মাঠে যা ঘটছে তা সম্পূর্ণ প্রতিযোগিতামূলক, সেখানে কোনো সাজানো পরিকল্পনা বা অন্যায় প্রভাব নেই। এজন্য বিসিবি সভাপতি ও পরিচালনা পর্ষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি।
অভিজ্ঞ এই কর্মকর্তা মনে করেন, দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে জরুরি বিষয় হলো সঠিক কাঠামো এবং সচেতনতা তৈরি করা। খেলোয়াড়দের সততা রক্ষায় নিয়মিত নজরদারি, ঝুঁকি চিহ্নিতকরণ এবং প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখা হবে তার কাজের মূল কেন্দ্রবিন্দু।
বাংলাদেশ ক্রিকেটে যখন দুর্নীতির হুমকি ক্রমেই প্রকট হয়ে উঠছে, তখন অ্যালেক্স মার্শালের এই দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে বড় আশার আলো জাগাচ্ছে।
