নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রায় দুই বছর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙালেন কলিন মুনরো। ঝড়ো ব্যাটিংয়ে শুধু সেঞ্চুরি নয়, ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে গড়লেন ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও।
রবিবার রাতে সেইন্ট কিটস এন্ড প্যাট্রিয়টসের বিপক্ষে ১৪টি চার ও ৬টি ছক্কার সমারোহে মাত্র ৫৭ বলে ১২০ রান করেন নিউজিল্যান্ডের এই সাবেক ওপেনার। তার বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২৩১ রানের পাহাড় গড়ে ত্রিনবাগো।
২০২৩ সালের আসরে শেষবার খেলেছিলেন মুনরো। সেইন্ট লুসিয়া কিংসের হয়ে ৬ ম্যাচে করেছিলেন মাত্র ১৭২ রান। এবারের প্রত্যাবর্তনী ম্যাচেই প্রায় সমান রান তুলে জানান দিলেন নিজের আগুনে ফর্মের।
এতদিন ত্রিনবাগোর হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল নিকোলাস পুরানের দখলে। ২০২৩ সালে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে তিনি করেছিলেন অপরাজিত ১০২ রান। তবে মুনরো সেই রেকর্ড ভেঙে এখন শীর্ষে বসেছেন।
সিপিএল ইতিহাসে অবশ্য মুনরোর ইনিংসটি তৃতীয় সর্বোচ্চ। তার আগে আছেন শুধু ব্র্যান্ডন কিং (১৩২*) ও আন্দ্রে রাসেল (১২১*)। এছাড়া ফাফ দু প্লেসিসও একবার ১২০ রান করেছিলেন, যদিও তা অপরাজিত ইনিংস ছিল না।
মুনরোর ঝড়ো সেঞ্চুরির সুবাদে সহজ জয় পায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ২৩২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে সেইন্ট কিটস এন্ড প্যাট্রিয়টস সংগ্রহ করে ৭ উইকেটে ২১৯ রান। দলটির কোনো ব্যাটার অর্ধশতক ছুঁতে না পারলেও, ছোট ছোট ইনিংসে লড়াই চালিয়ে যান তারা। শেষ পর্যন্ত ১২ রানে হেরে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
