নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড থেকে বাদ পড়ছেন ইংল্যান্ড সিরিজের দুই নায়ক শুবমান গিল ও মোহাম্মদ সিরাজ। মঙ্গলবার মুম্বাইয়ে বসে নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, টেস্টে দারুণ পারফর্ম করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে সুযোগ পাচ্ছেন না গিল ও সিরাজ।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চারটি সেঞ্চুরি করে ৭৫৪ রান করেছিলেন গিল, যা ছিল সিরিজের সর্বোচ্চ সংগ্রহ। অন্যদিকে সিরাজ নিয়েছিলেন ২৩ উইকেট, যা তাকে করেছিল সর্বোচ্চ উইকেটশিকারি। তবে নির্বাচকরা মনে করছেন, এশিয়া কাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে, তাই ভিন্ন পরিকল্পনা মেনেই দল সাজানো হচ্ছে।
ওপেনিংয়ে নির্বাচকদের প্রথম পছন্দ অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন। ব্যাকআপ ওপেনার হিসেবে এগিয়ে রয়েছেন ইয়াশাসভি জয়সওয়াল। তাই গিলকে রাখার প্রয়োজন বোধ করছেন না তারা। ব্যাটিং ইউনিটে আরও দেখা যেতে পারে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে। মিডল অর্ডারে শিবাম দুবে অথবা ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজন জায়গা পেতে পারেন। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মূল দায়িত্বে থাকবেন স্যামসন, আর ব্যাকআপ হিসেবে শোনা যাচ্ছে জিতেশ শর্মার নাম।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গী হিসেবে দলে থাকবেন আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা ও তরুণ হার্শিত রানা। পেস অলরাউন্ডার হিসেবে স্বাভাবিকভাবেই থাকছেন হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগে থাকবেন সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, ভরুন চক্রবর্তী ও রবি বিষ্ণুই।
এদিকে ভারতের এই স্কোয়াড ঘোষণাকে ঘিরে আলোচনা চলছে ক্রিকেট মহলে। অনেকে প্রশ্ন তুলেছেন, সাম্প্রতিক আইপিএলে ৬৫০ রান করার পরও কেন বাদ পড়ছেন গিল। তবে নির্বাচকদের যুক্তি, টি-টোয়েন্টিতে দলের ভারসাম্য এবং নির্দিষ্ট কৌশল মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
