নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে সব দলই স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়ায় ব্যস্ত। তবে ভারতের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ফিটনেস সমস্যা। অধিনায়ক সূর্যকুমার যাদব, পেস তারকা জাসপ্রিত বুমরাহসহ কয়েকজন ক্রিকেটার ছিলেন অনিশ্চয়তায়। কিন্তু শেষ পর্যন্ত এসেছে স্বস্তির সংবাদ—এশিয়া কাপে তাদের পাওয়া যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সূর্যকুমার যাদব ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। গত জুনে জার্মানিতে তার পেটের নিচের অংশে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। শঙ্কা ছিল, শেষ মুহূর্তে হয়তো ভারত অধিনায়ককে পাওয়া যাবে না। তবে বিসিসিআই সূত্রে জানা গেছে, তিনি এখন সম্পূর্ণ ফিট এবং এশিয়া কাপে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। শুধু তাই নয়, ভারতের স্কোয়াড নির্বাচনের সময়ও তিনি সরাসরি উপস্থিত থাকবেন।
অন্যদিকে, পেস আক্রমণের ভরসা জাসপ্রিত বুমরাহকেও ঘিরে ছিল শঙ্কা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ধারণা করা হচ্ছিল তিনি হয়তো এশিয়া কাপের সব ম্যাচ খেলতে পারবেন না। তবে বুমরাহ নির্বাচকদের জানিয়েছেন, তিনি পুরোপুরি প্রস্তুত এবং টুর্নামেন্টে অংশ নিতে চান। আগামী সপ্তাহে নির্বাচক কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তবে এখনও কিছু উদ্বেগ রয়ে গেছে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং উইকেটরক্ষক-ব্যাটার রিশাভ পন্থকে ঘিরে। পান্ডিয়াকে দিতে হবে ফিটনেস টেস্ট, আর পন্থ এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। ইংল্যান্ডে সাম্প্রতিক টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তিনি। তাই এশিয়া কাপে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
উল্লেখ্য, শুরুতে ভারতেই এশিয়া কাপ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান পড়েছে একই গ্রুপে। আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর, যেখানে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল। ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, আর ভারত তাদের দল ঘোষণা করবে আগামী মঙ্গলবার মুম্বাইয়ে।
