বাংলাদেশ ক্রিকেটে নতুন চমক ‘প্রোভেলসিটি ব্যাট’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ ক্রিকেটে যোগ হলো এক অভিনব সরঞ্জাম—‘প্রোভেলসিটি ব্যাট’। সম্প্রতি দায়িত্ব পাওয়া বিসিবির নতুন পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড এই বিশেষ ব্যাট ব্যবহার করাচ্ছেন ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, একজন ব্যাটার ভারী রডের মতো দেখতে ব্যাট হাতে শট অনুশীলন করছেন। আসলে সেটিই নতুন এই প্রোভেলসিটি ব্যাট।

বিসিবির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে উড এই ব্যাট ব্যবহার করে ড্রাইভ, স্কয়ার কাট ও পুল শটের শ্যাডো প্র্যাকটিস করাচ্ছেন। ব্যাটটির ভেতরে থাকে আটটি বিশেষ রেজিস্ট্যান্স ব্যান্ড। যত বেশি ব্যান্ড লাগানো হয়, ততই বাড়ে অনুশীলনের জটিলতা। ব্যাটার যদি সঠিক মেকানিক্সে গতিময়ভাবে সুইং করতে পারেন, তবে ব্যাট থেকে শোনা যায় বিশেষ এক ‘ডাবল ক্লিক’ সাউন্ড, যা সঠিক শটের সংকেত দেয়।

এই প্রযুক্তি খেলোয়াড়দের হাত-চোখের সমন্বয় বাড়াতে, শট খেলার সঠিক টাইমিং গড়ে তুলতে এবং সুইংকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক মনে করেন, পদ্ধতিটি একেবারেই ভিন্নধর্মী। তার ভাষায়, “আগে আমরা ড্রপ শট বা মেশিনে বল মেরে প্র্যাকটিস করতাম। এখনকার এই পদ্ধতি নতুন হলেও বেশ কার্যকর। বলা যায়, গ্রিক স্যালাড আর বাংলা স্যালাড—খাবার এক রকম, কিন্তু পরিবেশনা ভিন্ন। এতে করে ধীরে ধীরে খেলোয়াড়দের সুইংয়ের উন্নতি হবে, বিশেষ করে ডেথ ওভারে।”

তবে তিনি সতর্ক করে বলেন, টপ অর্ডার কিংবা সুইং কন্ডিশনে এই ব্যাট কতটা কার্যকর হবে, তা এখনো প্রমাণিত নয়। “আমরা এশিয়ায় কব্জি-নির্ভর ব্যাটিংয়ে অভ্যস্ত। মিরপুরের মতো উইকেটে কব্জির কাজ অনেক গুরুত্বপূর্ণ। তবে বাউন্সি কন্ডিশনে বেসবল স্টাইলের হরাইজন্টাল সুইং কার্যকর হয়,” মন্তব্য ফারুকের।

এই নতুন ব্যাট ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটাররা আধুনিক টেকনিকে আরও উন্নত হবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »