নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের আগে বড় ধরনের চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের দুই তারকা ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই ঘোষণা করা হয়েছে আসন্ন টুর্নামেন্টের দল। গেল জুলাইয়ে বাংলাদেশ সফরের সময় টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা ইঙ্গিত দিয়েছিলেন, অভিজ্ঞ এই দুই ব্যাটারকে বিবেচনায় রাখা হবে। তবে শেষ পর্যন্ত তাদের রাখা হয়নি চূড়ান্ত স্কোয়াডে।
রোববার পিসিবি যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে, সেটিই আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের জন্য কার্যকর হবে। শারজাহতে ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রিদেশীয় সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ-২০২৫।
অলরাউন্ডার সালমান আলি আগা থাকছেন পাকিস্তানের অধিনায়ক হিসেবে। অভিজ্ঞতার ভরসা হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফকে। তরুণদের মধ্যে জায়গা পেয়েছেন সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।
এ ছাড়া ১৭ সদস্যের দলে রয়েছেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উইকেটরক্ষক মোহাম্মদ হারিস, স্পিনার আবরার আহমেদ, অলরাউন্ডার ফাহিম আশরাফ, পেসার হাসান আলি এবং উদীয়মান প্রতিভা হাসান নবাজ। আরও তিনজন হলেন সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।
তবে বাবর-রিজওয়ানকে বাদ দিয়ে দল ঘোষণার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানি ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। অভিজ্ঞ এই দুই তারকা ছাড়া ব্যাটিং লাইনআপ কতটা শক্ত অবস্থানে থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন।
