পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পাচ্ছেন শহীদ আফ্রিদি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদির ঝুলিতে যুক্ত হচ্ছে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’। স্বাধীনতার ৭৮তম বার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখা নয়জন বিশিষ্ট ক্রীড়াবিদকে স্বীকৃতি দিচ্ছে পাকিস্তান সরকার, যার মধ্যে আছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

‘বুম বুম’ খ্যাত আফ্রিদি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৫২৪টি আন্তর্জাতিক ম্যাচ। ব্যাট হাতে তার সংগ্রহ ১১ হাজারেরও বেশি রান, আর বল হাতে নিয়েছেন ৫৪১ উইকেট। ২০০৯ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। খেলাধুলায় দীর্ঘদিনের সাফল্য ও দেশের ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তাকে দেওয়া হচ্ছে হিলাল-ই-ইমতিয়াজ।

শহীদ আফ্রিদির সঙ্গে আরও দু’জন ক্রীড়াবিদ পাচ্ছেন একই পুরস্কার। তারা হলেন—৮ হাজার মিটারের বেশি উচ্চতার সবগুলো ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করা পাকিস্তানের সর্বকনিষ্ঠ পর্বতারোহী শাহরোজ কাশিফ এবং প্রয়াত অশ্বারোহী মালিক মুহাম্মদ আত্তা।

এবারের তালিকায় ক্রিকেটারদের মধ্যে আছেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মির। সম্প্রতি আইসিসির হল অব ফেমে নাম লেখানো এই অফস্পিনারকে সম্মানিত করা হবে ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাবে। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে অসংখ্য ম্যাচ জেতানো সানা মির দেশের ইতিহাসে প্রথম নারী ক্রিকেটার হিসেবে হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন।

অন্যদিকে, পাকিস্তানের সবচেয়ে সফল প্যারা-অ্যাথলেট হায়দার আলীও এবার পাচ্ছেন ‘সিতারা-ই-ইমতিয়াজ’। প্যারালিম্পিকে চারটি পদক জেতা এই অ্যাথলেটের সর্বশেষ অর্জন ছিল ২০২৪ সালে প্যারিস আসরে ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক।

এছাড়া মিক্সড মার্শাল আর্টিস্ট শাহজাইব রিন্দ এবং কাবাডি খেলোয়াড় মুহাম্মদ সাজ্জাদকে দেওয়া হবে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অব পারফরম্যান্স। স্কোয়াশ খেলোয়াড় হামজা খান, শ্যুটার মোহসিন নওয়াজ এবং টেনিস তারকা রাশিদ মালিক মনোনীত হয়েছেন তামঘা-ই-ইমতিয়াজ সম্মাননার জন্য।

এই পুরস্কারগুলো আগামী ২০২৬ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানমালায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »